সারা দেশের মার্কেট, বিপণি বিতান ও দোকানপাট খোলা রাখার জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এখন থেকে সপ্তাহে তিন দিন রাত ১০টা পর্যন্ত এবং বাকি তিন দিন রাত ৮টা পর্যন্ত দোকানপাট খোলা রাখা যাবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২৯ নভেম্বর অনুষ্ঠিত এই সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিদ্যুৎ সচিব এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
বৈঠকে সোলার প্যানেল ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে সরকার ব্যবসায়ীদের জন্য বিশেষ ঋণের ঘোষণা দিয়েছে। যেসব মার্কেট সোলার প্যানেল স্থাপন করতে আগ্রহী, তাদের পাঁচ শতাংশ সুদে ৫ থেকে ৭ বছর মেয়াদী ঋণ দেওয়া হবে। সোলার প্যানেলের গুণগত মান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। যদি এর পরও নিম্নমানের সোলার প্যানেল ব্যবহার করা হয়, তবে বিএসটিআই ও স্থাপনকারী প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনা হবে।
দোকান মালিক সমিতি সভায় সারা দেশে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়টি জোরালোভাবে তুলে ধরে। সমিতির পক্ষ থেকে জানানো হয়, এখনো সারা দেশে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচ বার বিদ্যুৎ বিভ্রাট ঘটছে। একজন গ্রাহক বছরে গড়ে এক হাজার ৯৫ বার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানালে মন্ত্রী আশ্বাস প্রদান করেন।
প্রিপেইড মিটারের বিষয়ে গ্রাহকদের ভীতি ও অনাগ্রহের বিষয়টিও সভায় আলোচিত হয়। সমিতির দাবি, দুই হাজার টাকার কার্ড রিচার্জ করলে মিটারে অনেক কম অর্থ প্রদর্শিত হয়। এছাড়া মিটার ভাড়া বাতিল হলেও পরিপত্র না থাকায় এখনো তা কাটা হচ্ছে। সমিতির পক্ষ থেকে মোবাইল রিচার্জের আদলে প্রস্তাব দেওয়া হয় যে, গ্রাহক যে অর্থ রিচার্জ করবেন তা যেন সরাসরি মিটারে শো করে এবং অন্যান্য চার্জ সফটওয়্যারের মাধ্যমে সমন্বয় করা হয়। মন্ত্রী এই প্রস্তাব গ্রহণ করেছেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় সার্ভিস লাইনের তার চুরির কারণে ব্যবসায়ীদের যে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, তা রোধে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

