এনবিআর ও কাস্টমস নিয়ে দেশে-বিদেশে প্রশ্ন ওঠে: অর্থমন্ত্রী

দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সরাসরি যুক্ত কাস্টমস এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে দেশে-বিদেশে নানা প্রশ্নের মুখে পড়তে হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাপান ও কোরিয়াসহ বিভিন্ন দেশে সফরের সময়ও এনবিআরের কার্যক্রম নিয়ে নানা আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে রাজস্ব প্রশাসনের প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে মতামত ও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেছেন তিনি।

শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। দেশের অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ এবং সাশ্রয়ী করার উদ্দেশ্যেই এই নতুন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার সংস্কারের বিষয়ে যতই আগ্রাসী বা সক্রিয় হোক না কেন, ব্যবসায়ীদের অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয়। তিনি ব্যবসায়ীদের সাহসী হয়ে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও মানুষের কল্যাণের স্বার্থে সরকার প্রয়োজনে অজনপ্রিয় সিদ্ধান্ত নিতেও প্রস্তুত। এনবিআরসহ সব প্রতিষ্ঠানের বিষয়ে পারস্পরিক আলোচনা ও পরামর্শের প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর তিনি জোর দেন।

বিমা খাতের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়েও এ সময় তীব্র উদ্বেগ প্রকাশ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ব্যাংক খাতের চেয়েও বিমা খাতের পরিস্থিতি বেশি খারাপ। অনেক বিমা কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধ না করে সেই অর্থ দিয়ে ব্যক্তিগত বিনিয়োগ, সম্পত্তি ক্রয়সহ বিভিন্ন খাতে অপব্যবহার করছে। এই খাতে প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপের বিষয়টিও তিনি লক্ষ্য করেছেন বলে জানান।

ব্যবসার খরচ কমাতে প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যব্যবস্থায় আন্তসংযোগ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অর্থমন্ত্রী। তিনি জানান, পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে বিএসইসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে আন্তসংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই ব্যবস্থা কার্যকর হলে নিয়ন্ত্রক সংস্থা পুরো লেনদেন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে, যা ব্রোকারদের গোপন কারসাজি ও যোগসাজশ বন্ধ করবে। একই ধরনের প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চট্টগ্রাম বন্দরেও চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।