ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হতে ইরানের কড়া সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহৃত হওয়া থেকে সতর্ক থাকতে ইরাকের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবার বাগদাদের উদ্দেশে এই বার্তা দিয়েছেন। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রশংসা করে ট্রাম্প সম্প্রতি যে বক্তব্য দিয়েছেন, তার প্রেক্ষাপটেই এই সতর্কবার্তা এল।

ট্রাম্প তার বক্তব্যে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদির ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে, ইরাক থেকে তেল পাচার রোধ, দুর্নীতি নির্মূল এবং রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে সব ধরনের অস্ত্র আনার যে প্রক্রিয়া চলছে, তাতে জাইদি কাজ করছেন। এর আগে গত বুধবার ইরাকি সীমান্তরক্ষী বাহিনী সিরিয়া ও ইরানের সঙ্গে দুটি সীমান্ত ক্রসিং বন্ধ করে দেয়। তেল পাচারের অভিযোগ তদন্তের পর এই পদক্ষেপ নেয়া হয়েছিল, যে ক্রসিংগুলো এতদিন কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) নিয়ন্ত্রণে ছিল।

এক্সে দেয়া এক পোস্টে মোহাম্মদ মোখবার ইরানের পররাষ্ট্রনীতির মৌলিক দিকটি তুলে ধরেন। তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে অভিন্ন ভাগ্য ভাগ করে নেয়া ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান স্তম্ভ। মোখবার আরও যোগ করেন, ‘সবচেয়ে অন্ধকার দিনগুলোতেও ইরান সর্বশক্তি দিয়ে ইরাকের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং বন্ধুত্বের প্রমাণ দিয়েছে।’

ইরাকের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মোখবার বলেন, এই অবিচ্ছেদ্য সম্পর্কের স্বার্থেই বাগদাদকে সীমান্তসংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি স্পষ্ট করেন, ইরাক যেন কোনোভাবেই ইসলামের শত্রুদের হাতে হাতিয়ারে পরিণত না হয় এবং ‘অপরাধী ট্রাম্পের’ নীতি বাস্তবায়নের উপকরণ হয়ে না ওঠে।