সৌদি আরবের ওপর বড় ধরনের সমন্বিত সামরিক হামলার আশঙ্কা করা হচ্ছে। রিয়াদের জ্যেষ্ঠ সরকারি সূত্রের দাবি, উত্তরে ইরাকি শিয়া মিলিশিয়া এবং দক্ষিণে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমন্বয়ে এই হামলার পরিকল্পনা করা হয়েছে, যার নেপথ্যে রয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রয়টার্স ও সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের কৌশলগত জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর ও সমুদ্রবন্দরগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। গত বৃহস্পতিবার হুতিদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, নাজরান প্রদেশে ওই হামলায় আহতদের মধ্যে সাত সৌদি, এক ইয়েমেনি, দুই মিসরীয় ও এক পাকিস্তানি রয়েছেন; আহতদের মধ্যে চার বছর বয়সী এক শিশুও আছে।
এদিকে হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে তেহরানের একটি চুক্তি চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। ফার্স নিউজের তথ্যমতে, এই চুক্তির আওতায় জাহাজ চলাচলে তিন ধাপের প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রথমে জাহাজগুলো প্রবেশের সময় ইরান উপকূল এবং বের হওয়ার সময় ওমান উপকূল ব্যবহার করবে। পরবর্তীতে সব বাণিজ্যিক জাহাজ একটি একক কেন্দ্রীয় করিডোর দিয়ে যাতায়াত করবে। পারস্য উপসাগরে প্রবেশের সময় ইরান এককভাবে এবং বের হওয়ার সময় ইরান ও ওমান যৌথভাবে জাহাজ তদারকি করবে।
তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, এই দ্বিপক্ষীয় কাঠামো চূড়ান্ত হলেও প্রণালিটি স্বয়ংক্রিয়ভাবে উন্মুক্ত হবে না। তিনি আইআরএনএ-কে বলেন, মুক্ত চলাচলের জন্য যুক্তরাষ্ট্রকে ইরানের বন্দর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার, নতুন নিষেধাজ্ঞা বাতিল এবং বাজেয়াপ্ত সম্পদ নিয়ে আলোচনার মতো শর্ত পূরণ করতে হবে।
অন্যদিকে, মেজর জেনারেল মোহসেন রেজায়ি সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র সমর্থিত কোনো দ্বিতীয় করিডোর তৈরি করতে দেওয়া হবে না। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা অব্যাহত থাকলে তাদের বাহিনী ও জাহাজ সরাসরি হামলার মুখে পড়তে পারে। এছাড়া ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটিতে একটি নতুন খসড়া বিল পর্যালোচনার পর্যায়ে রয়েছে, যেখানে মার্কিন ও ইসরায়েলি জাহাজসহ ইরানের ক্ষতি করা যেকোনো দেশের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা এবং অমান্যকারী কার্গোর ওপর ২০ শতাংশ পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

