২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল বলে প্রমাণ পেয়েছে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। আদালতের প্রেসিডেন্ট ও বিচারক ইওয়াসাওয়া ইউজি মামলার রায় পড়ার সময় এই ভয়াবহ তথ্য তুলে ধরেন। তিনি জানিয়েছেন, সে সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী নির্বিচারে হত্যাকাণ্ড, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর চরম নির্যাতন এবং রোহিঙ্গাদের ঘরবাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের মতো অপরাধে জড়িত ছিল।
বিচারক ইউজি বলেন, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনী তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা শুদ্ধি অভিযানের নামে এই সহিংসতা চালায়। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, নিরাপত্তা বাহিনী পুরুষদের আলাদা করে মৃত্যুদণ্ড কার্যকর, ব্যাপক যৌন নির্যাতন এবং বেসামরিক রোহিঙ্গাদের ওপর নির্বিচার হামলা চালিয়েছে। এমনকি প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময়ও রোহিঙ্গাদের ওপর হামলা চালানো হয়েছিল।
আদালত রোহিঙ্গাদের মিয়ানমারের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে, যাদের নিজস্ব ভাষা, শিল্পকলা ও সাংস্কৃতিক পরিচয় রয়েছে। বিচারক বলেন, কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন ও সামরিক বাহিনীর বিদ্বেষমূলক বক্তব্যের মাধ্যমে রোহিঙ্গাদের প্রান্তিক ও অরক্ষিত করে ফেলা হয়েছিল। এছাড়া, এসব নৃশংসতার অভিযোগের বিষয়ে মিয়ানমার যথাযথ তদন্ত করতে ব্যর্থ হয়েছে এবং আদালতকে সাক্ষ্যপ্রমাণ ও তথ্য সরবরাহের ক্ষেত্রে অসহযোগিতা করেছে, যা রায়ের পর্যবেক্ষণে গুরুত্বের সাথে বিবেচনায় নেওয়া হয়েছে।
রাখাইনে সামরিক অভিযানের আগে নিরাপত্তা চৌকি ও বেসামরিক নাগরিকদের ওপর আরসার (আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি) হামলা এবং বিভিন্ন গ্রামে অগ্নিসংযোগের ঘটনাও আদালত চিহ্নিত করেছে। তবে এসব ঘটনার অজুহাতে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী যে ব্যাপক বেসামরিক প্রাণহানি ও নৃশংসতা চালিয়েছে, তার অকাট্য প্রমাণ পেয়েছে আদালত।
২০১৯ সালে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে, যেখানে ২০১৭ সালের সামরিক অভিযানে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ আনা হয়। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে করা এই মামলায় মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, আরসার হামলার জবাবে তারা সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছিল। বর্তমানে কক্সবাজারের শরণার্থীশিবিরগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে, যাদের বড় অংশ ২০১৭ সালের অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেয়। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই রায় রাষ্ট্রের দায় নির্ধারণ করে, তবে এটি ব্যক্তিগতভাবে কোনো সামরিক কর্মকর্তার ফৌজদারি অপরাধের বিচার করে না।

