আ.লীগকে আশ্রয় দিলে স্থায়ী বহিষ্কার করবে বিএনপি

সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও দলের ভাবমূর্তি অটুট রাখতে নিজ দলের নেতাকর্মীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়, সহযোগিতা কিংবা মামলা থেকে ছাড়িয়ে নিতে তদবির করার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের স্থায়ী বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

এ লক্ষ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অভিযুক্ত নেতাকর্মীদের তালিকা করা হচ্ছে। গোয়েন্দা সংস্থার পাশাপাশি বিএনপির একটি উচ্চপর্যায়ের টিমও পৃথকভাবে অভিযোগ যাচাই করছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তা দলীয় হাইকমান্ডকে জানানো হবে।

বিএনপির নীতিনির্ধারক পর্যায়ের নেতারা জানিয়েছেন, ডিসেম্বরে জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণাকে কেন্দ্র করে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে থাকবে। এ পরিস্থিতিতে বিএনপির কেউ আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন বা আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

দলটির নেতাদের অভিযোগ, আওয়ামী লীগ আমলে হামলা ও নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিরা গ্রেপ্তার হওয়ার পর স্থানীয় বিএনপির কিছু নেতা তাদের ছাড়িয়ে নিতে তদবির করছেন। ব্যক্তিগত স্বার্থ, আর্থিক লেনদেন কিংবা আত্মীয়তার সূত্রে কেউ কেউ আওয়ামী লীগের পলাতক ও অভিযুক্ত নেতাকর্মীদের আশ্রয়ও দিচ্ছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অনৈতিক কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পাওয়া মাত্রই দল সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে। বহিষ্কারের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, অপরাধ ও দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হবে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে ছাড়িয়ে নিতে বিএনপির কেউ ফোন করলেও তাকে আশ্রয়দাতা হিসেবে গণ্য করা হবে বলে জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ৩১ অক্টোবর আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যেন অপরাধের সুরক্ষা না পান, সে জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। আওয়ামী লীগের বিতর্কিত নেতাকর্মীদের আশ্রয় দিলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও মন্তব্য করেন তিনি।

দলের যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ কারণে দলীয় শাস্তির পাশাপাশি আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা যায়, শৃঙ্খলাভঙ্গ, চাঁদাবাজি, দখলদারি, সহিংসতা ও বিতর্কিত ব্যক্তিদের আশ্রয় দেওয়ার অভিযোগে ইতিমধ্যে সারা দেশে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কেন্দ্রীয়ভাবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ৭১টি বহিষ্কারাদেশ জারি করা হয়। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মন্ত্রী ও সংসদ সদস্য পদ ছাড়ার ঘটনাও ঘটেছে।

দলটির নীতিনির্ধারকদের মতে, শুধু বহিষ্কার নয়, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হলে দলীয় পরিচয়ে অপরাধীদের সুরক্ষা দেওয়ার প্রবণতা কমবে। একই সঙ্গে রাজনৈতিক আশ্রয় ও তদবির বন্ধ হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারবে।