সহিংসতা আর সহ্য করা হবে না, কঠোর দমন করা হবে: তারেক রহমান

দেশে চলমান সহিংসতা ও অস্থিরতার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। বৃহস্পতিবার লালমনিরহাটের মহেন্দ্রনগরে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, আর না অনেক হয়েছে, এখন থেকে সহিংসতা কঠোরভাবে দমন করা হবে। মানুষ হত্যার প্রতিটি ঘটনার জবাব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

তারেক রহমান অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল দীর্ঘ ১৬ বছর জোর করে দেশ শাসন করেছে এবং দেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। ২৪-এর ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে তারা তাদের প্রভুর দেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, পলাতক অবস্থায়ও ওই রাজনৈতিক দলটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বিদেশ থেকে আগুন সন্ত্রাস চালাচ্ছে। তাদের দেশের প্রতি কোনো দরদ নেই এবং তারা মানুষের অধিকার কেড়ে নিতে চায়।

প্রধানমন্ত্রী ২৪-এর আন্দোলনের পক্ষের সকল রাজনৈতিক দলকে ঐক্যের ডাক দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, ভারতে প্রভুদের কাছে পালিয়ে গিয়ে আগুন সন্ত্রাস শুরু করেছে। পলাতকরা ১৪ শত মানুষ হত্যা করে আবার আসার চেষ্টা করছে। তাদেরকে প্রতিরোধে ২৪-এর আন্দোলনের সকলকে সতর্ক থাকতে হবে।

বর্তমান সরকার মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ গুম, খুন, ভোট ডাকাতি ও পতিত স্বৈরাচারের আগুন সন্ত্রাস রাজনীতির বিপক্ষে। সাধারণ মানুষ নিরাপত্তা চায়, কিন্তু পলাতকরা প্রভুর দেশ থেকে দেশের ক্ষতিসাধনে লিপ্ত রয়েছে।