গোপালগঞ্জ-১ আসনের (কাশিয়ানী-মুকসুদপুর) বিএনপি দলীয় সংসদ সদস্য সেলিমউজ্জামান সেলিমের কাশিয়ানীর বাড়িতে হামলা চালিয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর ঠিক এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে মুকসুদপুর থানাতেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে, গোপালগঞ্জ শহরের প্রাণকেন্দ্র লঞ্চঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। মাথায় হেলমেট পরিহিত অবস্থায় তারা এই মহড়ায় অংশ নিচ্ছেন এবং শহরের বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা এতে যোগ দিচ্ছেন। এ সময় শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।
এর আগে বুধবার রাতভর গোপালগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া-পিরোজপুর আঞ্চলিক সড়ক এবং গোপালগঞ্জ-কোটালীপাড়া-বরিশাল ও গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ও বাঁশ ফেলে তারা এই অবরোধ সৃষ্টি করেন। উল্লেখ্য, এর আগে মঙ্গলবার টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

