যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ফিলিস্তিনপন্থি আন্দোলনের অ্যাক্টিভিস্ট ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিল। অভিবাসন বিচারক ও আপিল বোর্ডের সদস্যদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের সম্ভাব্য যোগাযোগের তথ্য বা নথি প্রকাশে ব্যর্থ হওয়ায় বুধবার তিনি এই আইনি পদক্ষেপ নেন।
খলিল মে মাসে তথ্য অধিকার আইনের (ফ্রিডম অব ইনফরমেশন অ্যাক্ট) আওতায় এসব নথি পাওয়ার আবেদন করেছিলেন। তবে মার্কিন প্রশাসন তা প্রকাশ করেনি। এর আগে ‘নিউইয়র্ক টাইমস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে খলিলের অভিবাসনসংক্রান্ত মামলার অস্বাভাবিক দ্রুত নিষ্পত্তি এবং আপিল বোর্ডের কয়েকজন সদস্যের সরে দাঁড়ানোর তথ্য উঠে এসেছিল।
মাহমুদ খলিলের আইনজীবীদের বক্তব্য অনুযায়ী, এই আইনি লড়াইয়ের প্রতিটি ধাপেই তাদের মক্কেলের সঙ্গে অস্বাভাবিক আচরণ করা হয়েছে। মূলত অভিবাসন বিচারক, আপিল বোর্ডের সদস্য এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে কোনো অসাধু যোগসাজশ ছিল কি না, তা খতিয়ে দেখতেই প্রয়োজনীয় সরকারি নথি চাওয়া হয়েছে।
খলিল দাবি করেছেন, ফিলিস্তিনের পক্ষে স্বাধীনভাবে সোচ্চার হওয়ার কারণেই ট্রাম্প প্রশাসন তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের অপচেষ্টা চালাচ্ছে। তার অভিযোগ, সরকারের এ উদ্দেশ্যে অভিবাসন বিচারব্যবস্থাকে তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্টভাবে ব্যবহার করা হয়েছে।
ঘটনার ধারাবাহিকতায় জানা যায়, ২০২৫ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইসিই) কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন। টানা ১০৪ দিন আটক রাখার পর গত জুনে এক ফেডারেল বিচারকের আদেশে খলিল মুক্তি পান। তার বিরুদ্ধে বহিষ্কার প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে, তবে ফেডারেল আদালতে বাকস্বাধীনতা সংক্রান্ত একটি মামলা বিচারাধীন থাকায় তাকে নতুন করে গ্রেপ্তার করা যাবে না।
আইনি লড়াই চালিয়ে যাওয়ার অংশ হিসেবে এর আগে জুলাই মাসে ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা, হেরিটেজ ফাউন্ডেশন এবং দুটি ইসরাইলপন্থি সংগঠনের বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন খলিল। পরে সেপ্টেম্বর মাসে তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করেন। আর গত মাসে নিজের মূল মামলাটি পর্যালোচনার জন্য দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রতি আবেদন জানান।
আইন বিশ্লেষকদের ধারণা, খলিলের আবেদনটি সুপ্রিম কোর্টে গ্রহণ করা হলে তা রাজনৈতিক বক্তব্য বা ফিলিস্তিনপন্থি অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসনসংক্রান্ত হয়রানির শিকার অমার্কিন নাগরিকদের অধিকার ও বিচারিক সুরক্ষার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে।

