গোপালগঞ্জের সহিংসতার ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামি ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা থানা জ্বালিয়ে দিয়েছে, হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে, সংসদ সদস্যদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে এবং দোকানপাট জ্বালিয়ে দিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে দেশে আগুন লাগানোর উসকানি দেওয়া হচ্ছে। সেখানে লুকিয়ে থাকা নেতা-কর্মীদের ইন্ধন ও আগুন লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় দলটির নেতা-কর্মীরা আগুন দেন। এছাড়া বিএনপিদলীয় স্থানীয় দুই সংসদ সদস্যের বাড়িতে এবং বিএনপির এক সংসদ সদস্যের মালিকানাধীন হাসপাতালেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শিল্পাঞ্চলের অস্থিরতা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে। এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তাদেরও চিহ্নিত করা হয়েছে। সালাহউদ্দিন আহমদ দৃঢ়তার সঙ্গে বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না। তারা অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করলেও তা সফল হবে না।
গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, মতভেদ থাকলেও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে যেভাবে গণতান্ত্রিক ঐক্য গড়ে উঠেছিল, তা বজায় রাখতে হবে। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ ও জাতিগোষ্ঠী সমান নাগরিক অধিকার নিয়ে বসবাস করছেন। খতমে নবুওয়াত সম্মেলনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আলেমদের দাবিগুলো আইনের মাধ্যমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল হামিদ মধুপুর পীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ। এ সময় মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সৈয়দ নুর মহল আশরাফী ও পুলিশ সুপার মো. বদরুদ্দোজা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

