শনিবার সুনামগঞ্জে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার নির্ভরযোগ্যতা ও গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের পরিকল্পনা গ্রহণ করেছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। এই কার্যক্রমের অংশ হিসেবে আগামী শনিবার (২৮ নভেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের আওতাধীন ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অন্তর্ভুক্ত সব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

তবে নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ যদি নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হয়, তবে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।