জামালগঞ্জের বেহেলী উচ্চ বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার হাওরবেষ্টিত বেহেলী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। শনিবার (২৮ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিরঞ্জন পুরকায়স্থ প্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকট, শ্রেণিকক্ষের অভাব এবং বর্ষাকালে শিক্ষার্থীদের যাতায়াতের চরম দুর্ভোগের কথা তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বিদ্যালয়ের পুরোনো ভবন মেরামতের জন্য ৩ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। একই সঙ্গে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ লাঘবে তাদের জন্য একটি নৌকার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, হাওরাঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার পথে যোগাযোগের বাধা দূর করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, নৌযানের অভাবে বর্ষায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা ব্যাহত হয়। নতুন ভবন নির্মাণ, পুরোনো ভবন মেরামত এবং নৌকার ব্যবস্থা করা হলে দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং পাঠদানের পরিবেশ উন্নত হবে।

বেহেলী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সাহাদত হোসেন রাসেলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান ও জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী। এ ছাড়া জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক ও আজিজুর রহমান আজিজ, আহ্বায়ক কমিটির সদস্য শাহ মোহাম্মদ শাহজাহান, এমরান হোসেন রুবেল, বিএনপি নেতা মোহাম্মদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে অংশ নেন।