টিটন হত্যা মামলা: সুইডেন আসলামকে ফের ৫ দিনের রিমান্ডে পাঠালেন আদালত

টিটন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের সময় শীর্ষ সন্ত্রাসী এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন এবং হত্যাকাণ্ডের মূল রহস্য আড়াল করার চেষ্টা করছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অবস্থায় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের উপপরিদর্শক মো. ইরফান খান সুইডেন আসলামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে, শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন শুনানি শেষে তাঁকে আবারও পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনে টিটন হত্যাকাণ্ডের নেপথ্যে বছিলা গরুর হাটের ইজারা সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করা হয়েছে। ডিবির দাবি, এই বিরোধের জেরে অপরাধজগতের একাধিক শীর্ষ সন্ত্রাসীর সম্পৃক্ততা পাওয়া গেছে। হত্যাকাণ্ডের আগে ভুক্তভোগী খন্দকার নাঈম আহমেদ টিটন তাঁর বড় ভাই ও মামলার বাদী খন্দকার সাঈদ আক্তার রিপনকে ফোন করে রনি ওরফে ভাঙারি রনি, এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল এবং শাজাহানসহ কয়েকজনের সঙ্গে বিরোধ ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছিলেন। চলতি বছরের ২৯ এপ্রিল নিউমার্কেট থানায় এই হত্যা মামলাটি দায়ের করা হয়।

ডিবি সূত্রে জানা গেছে, এর আগের পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছেন। তবে তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা এখন যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত কর্মকর্তার দাবি, স্থানীয় পর্যায়ে তদন্ত করে টিটন হত্যায় আসলামের সরাসরি সম্পৃক্ততা এবং গরুর হাটের ইজারা বিরোধে তাঁর ইন্ধনের তথ্য পাওয়া গেছে।

দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পাওয়া সুইডেন আসলামের বিস্তৃত অপরাধ নেটওয়ার্কের কথাও রিমান্ড আবেদনে উঠে এসেছে। ডিবি জানায়, দেশের বাইরে বা আত্মগোপনে থেকেও তিনি অপরাধী চক্র নিয়ন্ত্রণ করেন এবং সহিংসতা ও অস্ত্র সরবরাহে তাঁর বিশেষ ভূমিকা রয়েছে। এছাড়া চলতি বছরের ২৭ মার্চ তেজগাঁও থানায় করা মাহফুজুল হক খান গালিব হত্যা মামলায়ও তাঁকে প্রধান আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৮৬ সালের শাকিল হত্যা, ৯০-এর দশকের কামরুন ও মিজান হত্যাসহ নয়টি হত্যা মামলা এবং চাঁদাবাজি ও হত্যাচেষ্টার আরও ২২টি মামলার আসামি তিনি।

জেল থেকে মুক্তির পর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি ও মার্কেট দখলের মতো অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর প্রভাবে সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন বলেও উল্লেখ করা হয়েছে। মামলার রহস্য উদ্‌ঘাটন, সরাসরি জড়িতদের শনাক্তকরণ, নির্দেশদাতা খুঁজে বের করা এবং অস্ত্র উদ্ধারের প্রয়োজনে তাঁকে আবারও জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছিল। এছাড়া জামিনে মুক্ত থাকলে তিনি আত্মগোপনে চলে যেতে পারেন বা আবারও অপরাধে জড়াতে পারেন—এমন আশঙ্কায় ডিবি তাঁর জামিনেরও বিরোধিতা করেছে। উল্লেখ্য, ২৩ নভেম্বর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আটক করা হয়েছিল।