গঙ্গা চুক্তি নবায়নে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় ঢাকা

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তা নবায়নের লক্ষ্যে আলোচনায় বসতে চায় বাংলাদেশ। আগামী ১২ই ডিসেম্বর চুক্তিটির মেয়াদ পূর্ণ হবে। এই সময়ের মধ্যেই ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার আগ্রহ প্রকাশ করেছে ঢাকা। তবে আলোচনার সুনির্দিষ্ট কোনো তারিখ বা সময় এখনো নির্ধারিত হয়নি।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, বাংলাদেশ এই চুক্তিটি অব্যাহত রাখতে চায় এবং এ নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। শামা ওবায়েদ আরও বলেন, গঙ্গা চুক্তি বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা ভারত ভালোভাবে অবগত। বাংলাদেশ আশা করছে, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পাঠানো চিঠির ইতিবাচক জবাব ভারত দেবে, যার মাধ্যমেই আলোচনার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে।

বিদ্যমান চুক্তি নবায়ন নাকি নতুন চুক্তির বিষয়ে আলোচনা হবে—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আলোচনার টেবিলে বসার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তিনি স্পষ্ট করেন যে, আপাতত বাংলাদেশ বিদ্যমান চুক্তিটিই নবায়ন করতে আগ্রহী। তিনি বলেন, যেহেতু ১২ই ডিসেম্বর চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাই এর মধ্যে বিদ্যমান চুক্তিটিই নবায়ন করা প্রয়োজন। নতুন কোনো চুক্তির সুযোগ আপাতত নেই।

ভারত আলোচনায় বসতে আগ্রহী কিনা এমন প্রশ্নের জবাবে তিনি পরামর্শ দেন যে, এ বিষয়ে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা যেতে পারে, কারণ বাংলাদেশ ইতিমধ্যে চিঠি দিয়েছে। এছাড়া দুই দেশের শীর্ষ নেতৃত্বের বৈঠকের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, যথাসময়েই দুই দেশের প্রধান বসবেন এবং আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে।