ইয়েমেনের রাস ইসা বন্দর এলাকা ছাড়ার নির্দেশ সৌদি জোটের

ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দর থেকে বেসামরিক লোকজনকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। মূলত নিরাপত্তার স্বার্থেই বেসামরিক নাগরিকদের এই এলাকা থেকে চলে যাওয়া প্রয়োজন বলে জানিয়েছে তারা।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করে জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে জোটের জয়েন্ট ফোর্সেস কমান্ড বেসামরিক নাগরিকদের মানচিত্রে প্রদর্শিত রাস ইসা বন্দর এলাকা থেকে সরে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে।

এর আগে শনিবার জোট বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করে। এই অভিযানের মূল লক্ষ্য ছিল হুথি বাহিনীর ব্যবহৃত এমন সব স্থাপনা ধ্বংস করা, যা তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাতে এবং লোহিত সাগরে নৌ-চলাচলের জন্য হুমকি সৃষ্টি করতে ব্যবহার করে আসছিল।

আল-মালকি আরো বলেন, হুথিদের কর্মকাণ্ড দক্ষিণ লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। উল্লেখ্য, বাব আল-মান্দেব প্রণালিটি একটি অত্যন্ত কৌশলগত নৌ-পথ, যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।