লালমোহনে ধসে পড়া ব্রিজটি পাঁচ মাসেও পুনর্নির্মাণ হয়নি

ভোলার লালমোহন উপজেলার বেতুয়া খালের ওপর নির্মিত ব্রিজটি ধসে পড়ার পাঁচ মাস পেরিয়ে গেলেও এখনো তা পুনর্নির্মাণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ব্রিজটি ভেঙে যাওয়ায় রমাগঞ্জ, ধলীগৌরনগর ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের হাজার হাজার মানুষ চরম যাতায়াত সংকটে পড়েছেন। আগে এক কিলোমিটার পথ পাড়ি দিলেই গন্তব্যে পৌঁছানো সম্ভব হতো, কিন্তু এখন বিকল্প পথে পাঁচ কিলোমিটার ঘুরতে হচ্ছে স্থানীয়দের।

প্রায় দুই যুগ আগে নির্মিত ৪৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এই লোহার ব্রিজটি ছিল এলাকার মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম। চলতি বছরের ২৩ জুন বালুভর্তি একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় সেটি ভেঙে খালে পড়ে যায়। এই দুর্ঘটনায় ট্রাকচালক নিহত এবং তার সহকারী আহত হন। দুর্ঘটনার পর থেকেই ব্রিজটি দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। বর্তমানে স্থানীয়রা ভাঙা অংশের ওপর সুপারি গাছ ফেলে একটি অস্থায়ী সাঁকো তৈরি করেছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই সাঁকো দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না, এমনকি বয়স্ক, অসুস্থ ব্যক্তি ও শিক্ষার্থীদের যাতায়াতও কঠিন হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে কোনো রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ব্যবহারের সুযোগ নেই।

স্থানীয় বাসিন্দা মো. মফিজ, নূরুল ইসলাম ও মো. কবির জানান, ব্রিজটি ভেঙে যাওয়ায় দৈনন্দিন হাটবাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভারী মালামাল কিংবা কৃষিযন্ত্র পারাপার করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটি দীর্ঘ সময় ধরে ঝুঁকিপূর্ণ থাকলেও কোনো সতর্কতামূলক সাইনবোর্ড ছিল না। আগে থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

লালমোহন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী মো. মাইদুল ইসলাম খান জানান, ব্রিজটি পুনর্নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্পের আওতায় প্রস্তাব পাঠানো হয়েছে। প্রায় ৪৫ মিটার দৈর্ঘ্যের এই ব্রিজটি নির্মাণে আনুমানিক আড়াই থেকে তিন কোটি টাকা ব্যয় হতে পারে। তিনি জানান, এরই মধ্যে মাটি পরীক্ষা ও ভূ-উপরিতল জরিপ সম্পন্ন হয়েছে এবং নকশার প্রতিবেদন সদর দপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত পুনর্নির্মাণকাজ শুরু করা হবে।