রাজধানীর হাতিরঝিল এলাকায় আবারও একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ডিএল নেটওয়ার্ক সার্ভিস নামের ওই প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা প্রবেশ করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হননি।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাথায় ক্যাপ ও মুখে মুখোশ পরা একদল দুর্বৃত্ত ডিএল নেটওয়ার্ক সার্ভিসের কার্যালয়ে ঢুকে পড়ে। তারা সেখানে এক রাউন্ড গুলি চালালে তা অফিসের একটি ল্যাপটপ ভেদ করে দেয়ালে গিয়ে লাগে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, দুর্বৃত্তরা অফিসে ঢুকে গুলি চালিয়েছে। তবে কী উদ্দেশ্যে বা কেন এ ঘটনা ঘটানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
উল্লেখ্য, এর আগে গত ১৫ নভেম্বর সন্ধ্যায় হাতিরঝিল থানার ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজির কার্যালয়েও একই ধরনের গুলির ঘটনা ঘটেছিল। সেদিন দুর্বৃত্তরা ওই অফিসে ঢুকে প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে গুলি করে আহত করেছিল।

