শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে রাত আড়াইটার মধ্যে কক্সবাজার শহরের অন্তত ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো এই ধারাবাহিক বিস্ফোরণে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের মোটেল সড়কে অবস্থিত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) কার্যালয়ের বাউন্ডারি ওয়ালের বাইরে থেকে দুর্বৃত্তরা ককটেলসদৃশ বস্তু ছুড়ে পালিয়ে যায়। বিস্ফোরণের পরপরই সেখানে ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। ওই সময় ফটকে দায়িত্বরত দুই নিরাপত্তারক্ষীর একজন জানান, হঠাৎ ডান পাশের দেয়ালের ওপার থেকে একটি ককটেল ছোড়া হলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
একই রাতে শহরের গুরুত্বপূর্ণ আরও কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে রয়েছে একই সড়কে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কার্যালয়, বাণিজ্য মেলার প্রবেশপথ এবং বাহারছড়া এলাকার সিভিল সার্জনের কার্যালয় ও হিল ডাউন সার্কিট হাউস।
ঘটনার খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করেছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, কারা শহরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

