পৃথিবীর বিভিন্ন প্রান্তের দুর্যোগ-বিপর্যয়ে অসংখ্য মানুষ চরম মানবেতর জীবনযাপন করছেন। হতদরিদ্র, অসুস্থ ও ক্ষুধার্ত মানুষের আহাজারিতে পরিবেশ ভারী হলেও মানবিকতার কথা বলা তথাকথিত সুশীল সমাজের অনেকেই তাদের পাশে দাঁড়াচ্ছেন না। অথচ ইসলামে মানবজাতির সার্বিক কল্যাণ সাধনকে মুসলিমদের অন্যতম শ্রেষ্ঠ দায়িত্ব হিসেবে নির্ধারণ করা হয়েছে। সুরা আলে ইমরানের ১১০ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, মানবতার কল্যাণের জন্যই তোমাদের অস্তিত্ব দেওয়া হয়েছে; তোমরা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে।
মানবসেবাকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিজের জীবনের অন্যতম উজ্জ্বল আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। বঞ্ছিত ও আক্রান্ত মানুষের প্রতি তাঁর হৃদয়ে ছিল পরম মমতা ও সহানুভূতি। প্রথম অহি নাজিলের পর তিনি যখন কম্পিত হৃদয়ে ঘরে ফেরেন, তখন তাঁর সহধর্মিনী খাদিজাতুল কোবরা (রা.) তাঁকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, আল্লাহ আপনাকে কখনও অপমানিত করবেন না; কারণ আপনি আত্মীয়তার সম্প্রীতি রক্ষা করেন, অসহায়দের ভার বহন করেন, দুস্থদের আর্থিক সাহায্য করেন, অতিথি পরায়ণতা দেখান এবং সত্যের পথে বিপদগ্রস্তদের পাশে দাঁড়ান (বুখারি: ৩)।
পার্থিব জীবনের বিপদে স্বজন বা বন্ধুবান্ধব দূরে সরে গেলেও রবের সাহায্য লাভ করা যায় অসহায়কে সহযোগিতার মাধ্যমে। হাদিসে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি কোনো ঈমানদারের একটি পার্থিব কষ্ট লাঘব করবে, কেয়ামতের দিনে আল্লাহ তার একটি কষ্ট লাঘব করবেন। লেনদেনে কোনো অভাবীকে ছাড় দিলে দুনিয়া ও আখেরাতে আল্লাহ তাকে ছাড় দেবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহও ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন (মুসলিম: ২৬৯৯)। অন্য বর্ণনায় বলা হয়েছে, জমিনে যারা বাস করে তাদের প্রতি দয়া করলে আসমানে যিনি আছেন তিনি দয়া করবেন (তিরমিজি: ১৯২৪)।
তবে মানবসেবা ও দানের ক্ষেত্রে নিয়ত হতে হবে সম্পূর্ণ নিখাদ। লোক দেখানো বা প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে কৃত আমলের আখেরাতে কোনো মূল্য নেই, বরং তা বিপর্যয়ের কারণ হতে পারে (মুসলিম: ৪৮১৭)। ইসলামে নিঃস্বার্থভাবে সাহায্য করার তাগিদ দেওয়া হয়েছে। সুরা আল-ইনসানে বলা হয়েছে, আল্লাহর প্রিয় বান্দারা তাঁর ভালোবাসায় মিসকিন, এতিম ও বন্দীদের খাবার দান করে এবং মনে মনে বলে, আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাওয়াচ্ছি; কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা কামনা করি না।
মানবসেবাকে পারিবারিক অনুশীলনে রূপ দিতে প্রতিটি ঘরে একটি নির্দিষ্ট 'সদকা বাক্স' রাখার পরামর্শ দেওয়া যায়। প্রতিদিন সাধ্যমতো ভাংতি টাকা বা ছোট নোট তাতে জমা রাখলে পরিবারের সব সদস্য স্বতঃস্ফূর্তভাবে দানে অংশ নিতে পারে। এতে ছোটবেলা থেকেই শিশুরা পরোপকারী মূল্যবোধ নিয়ে বড় হয়ে ওঠে। মাস শেষে এই অর্থ সহজে দুস্থদের মাঝে বিতরণ করা সম্ভব, যা তাদের দৈনন্দিন দুর্দশা অনেকটাই লাঘব করে।
দান-সদকার মাধ্যমে আল্লাহর দরবারে যে কল্যাণকর আমল পাঠানো হয়, তা চিরস্থায়ী সঞ্চয় হিসেবে জমা থাকে। সুরা নাহলের ৯৬ নম্বর আয়াতে স্পষ্ট করা হয়েছে, মানুষের কাছে যা কিছু আছে তা নিঃশেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা স্থায়ী। তাই পরকালের জীবনের জন্য নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণসাধন এবং সৎকর্ম অগ্রিম পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

