ওয়ারীতে মুরগি নিয়ে বিরোধে হোটেল ম্যানেজারকে কুপিয়ে হত্যা

রাজধানীর ওয়ারীতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে ম্যানেজার নাঈমুল ইসলামকে (৩০) কুপিয়ে হত্যার ঘটনায় ফুটপাতে অস্থায়ী মুরগির দোকান বসানো নিয়ে দীর্ঘদিনের বিরোধের বিষয়টি সামনে এসেছে। স্থানীয় বাসিন্দা ও তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার রাতে হোটেলের ভেতরে একটি মুরগি ঢুকে পড়াকে কেন্দ্র করে সৃষ্ট বাগ্‌বিতণ্ডা থেকে এই নৃশংস হত্যাকাণ্ডের সূত্রপাত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও তদন্তকারীদের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত ১টার দিকে হোটেলের সামনের অস্থায়ী পাইকারি মুরগির বাজারের একটি খাঁচা থেকে মুরগি ছুটে হোটেলের ভেতরে প্রবেশ করে। তখন ওই বাজারের অস্থায়ী কর্মী এনায়েত ওরফে এ্যানি হোটেলের নিরাপত্তাকর্মীকে মুরগিটি বের করে দিতে বললে তিনি তা করেন। তবে এ্যানি মুরগিটি সংশ্লিষ্ট ব্যবসায়ীর খাঁচায় না রেখে হোটেলের গেটের পাশে বেঁধে রাখেন। এ নিয়ে নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা ও একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। পরবর্তীতে হোটেল কর্মীরা এ্যানিকে আটক করে হোটেলের দ্বিতীয় তলার অভ্যর্থনা কক্ষে আটকে রেখে পুলিশকে খবর দেন।

রাত পৌনে ২টার দিকে এ্যানির ছেলে ইরান সেখানে উপস্থিত হয়ে হোটেল কর্মীদের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে ইরান লুকিয়ে রাখা রামদা ও ছুরি বের করে বাবা-ছেলে মিলে হোটেলের কর্মকর্তা-কর্মচারীদের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে ঘটনাস্থলেই ম্যানেজার নাঈমুল ইসলাম প্রাণ হারান। এ ঘটনায় হোটেলের ম্যানেজার আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হোটেলের আরও পাঁচ কর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার সন্ধ্যায় নিহতের বড় ভাই নাজমুল হুদা দুর্জয় বাদী হয়ে ওয়ারী থানায় মামলা দায়ের করেছেন। ময়নাতদন্ত শেষে নাঈমুলের মরদেহ রাজবাড়ীর গোয়ালন্দের দুদুখান গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত করছে। ওয়ারী জোনের সহকারী কমিশনার সোহেল রানা জানান, হোটেলের সিসিটিভি ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।