সিরাজগঞ্জের শাহজাদপুরে নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে পুলিশ অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছিল।
এর আগে শুক্রবার দুপুরে শাহজাদপুর পৌর এলাকার নলুয়া মহল্লায় সাবেক মেয়র মিরুর বাসভবনে অভিযান চালায় শাহজাদপুর থানা পুলিশের একটি দল। প্রায় ৩০ জন সদস্যের ওই পুলিশ দলটি এলাকায় পৌঁছালে গ্রেপ্তারের খবর দ্রুত ছড়িয়ে পড়ে। এরপরই নলুয়া গ্রামের কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে পুলিশকে অবরুদ্ধ করে ফেলেন এবং গ্রেপ্তারে সরাসরি বাধা দেন। সময়ের সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষের উপস্থিতি ও বিক্ষোভ বাড়তে থাকলে পুলিশ সাবেক এই মেয়রকে গ্রেপ্তার না করেই ফিরে আসতে বাধ্য হয়। রাত বাড়লে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক মেয়র মিরুর বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়ার উপযুক্ত রাস্তা ছিল না। ফলে পুলিশ সদস্যদের অনেকটা পথ হেঁটে পৌঁছাতে হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়েই তিনি বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওই রাতে নলুয়াসহ আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন—নলুয়া মহল্লার আবুল প্রামাণিকের ছেলে রাকিব, নারায়ণদহ গ্রামের ইয়াকুব ব্যাপারীর ছেলে সাইফুল ইসলাম, নলুয়া দক্ষিণপাড়া মহল্লার মোহাম্মদ ফরমান প্রামাণিকের ছেলে জেলহাস প্রামাণিক আতিক এবং নলুয়া মধ্যপাড়া মহল্লার আব্দুল হান্নান প্রামাণিকের ছেলে সোহেল রানা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সাবেক মেয়র হালিমুল হক মিরু নিজ বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছিল। কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই তিনি কেটে পড়েন। উল্টো স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে পুলিশ দলকে অবরুদ্ধ করে বাধা সৃষ্টি করে। এ ঘটনায় অবরুদ্ধের সঙ্গে জড়িত চারজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সাবেক মেয়র মিরুকে গ্রেপ্তারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে বলেও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, হালিমুল হক মিরু ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি শাহজাদপুরে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের সময় ঘটে যাওয়া সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি। দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি শিমুল পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনার পর মিরুকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছিল এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

