হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও আটজন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে হাসপাতালে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী ভর্তি হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদন বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে শিশু রয়েছে। অন্যদিকে, এই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ৯৬১ জনের মধ্যে দেখা গেছে হামের উপসর্গ।

চলতি বছরে দেশের হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৬০৮ জনে। পাশাপাশি সন্দেহজনক হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৮৫ জনে। এদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন এবং সন্দেহজনক বা হামের উপসর্গে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ২৮০ জন। একই সময়ের ব্যবধানে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।