কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে নতুন এক গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, শক্তিশালী এআই মডেলগুলো এমন কিছু গাণিতিক সমস্যার সমাধান করে ফেলেছে, যা গত কয়েক দশক ধরে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপন তথ্য সুরক্ষার ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই আবিষ্কারের ফলে ব্যাংকিং লেনদেন, কূটনৈতিক বার্তা এবং ব্যক্তিগত ই-মেইলসহ বিভিন্ন সংবেদনশীল যোগাযোগের নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।
তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানের বিশিষ্ট গবেষক স্কট অ্যারনসন ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে জানিয়েছেন, গোপন তথ্য এনক্রিপশন বা সাংকেতিক পদ্ধতিতে সুরক্ষিত রাখার সঙ্গে সম্পর্কিত কয়েক দশক পুরোনো গাণিতিক সমস্যাগুলোর ক্ষেত্রে শক্তিশালী এআই মডেলগুলোর বড় অগ্রগতির বিষয়ে একাধিক নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে। অ্যারনসন চলতি সপ্তাহের শুরুতে লিখেছিলেন, একাধিক সূত্রের ভিত্তিতে তিনি প্রায় নিশ্চিত যে এআই গবেষণাগারগুলো এখন ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে এক বা একাধিক বিস্ফোরক আবিষ্কার হাতে নিয়ে বসে আছে।
বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো এসব আবিষ্কারের খবর প্রকাশ্যে আসবে, যা বিশ্বজুড়ে নিরাপত্তাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে বাধ্য করবে। এসব আবিষ্কারের প্রকৃত স্বরূপ এখনো স্পষ্ট নয়, তবে হ্যাকারসহ বিভিন্ন পক্ষ খুব অল্প সময়ের মধ্যে বিশ্বের গোপন যোগাযোগের তথ্য সহজে উন্মোচন করার সক্ষমতা অর্জন করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হলে গোয়েন্দা সংস্থা, সরকার, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে দ্রুত তাদের যোগাযোগব্যবস্থার নিরাপত্তার ভিত্তি পরিবর্তন করতে হতে পারে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক স্টিভেন মারডক জানিয়েছেন, যারা মনে করতেন এআই দিয়ে উল্লেখযোগ্য কোনো গণিত করা সম্ভব নয়, তারা এখন নিশ্চিতভাবেই ভুল প্রমাণিত হয়েছেন। গণিতবিদ মার্কাস ডু সটয় বিবিসি রেডিও ফোরের ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, আমাদের সব ইলেকট্রনিক গোপন তথ্য সুরক্ষার কেন্দ্রে যে সমস্যাটি রয়েছে, সেটি নিয়ে কেউ কথা বলছে না। কেউ কেউ ভাবছেন হয়তো এআই গবেষণাগারগুলো ইতোমধ্যে সমস্যাটির সমাধান করে ফেলেছে, যার প্রভাব এতটাই ব্যাপক হতে পারে যে বিষয়টি গোপন রাখা হচ্ছে।
কোয়ান্টাম কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে তথ্য সুরক্ষার অ্যালগরিদম ভেঙে ফেলার ঝুঁকি মোকাবিলায় সরকার ও ব্যাংকগুলো কয়েক বছর ধরে প্রস্তুতি নিলেও, এআইয়ের এই দ্রুত অগ্রগতি সেই হিসেব বদলে দিতে পারে। মারডক জানান, কোয়ান্টাম কম্পিউটারের আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে উন্নত এনক্রিপশন পদ্ধতি তৈরির কাজ বেশ ধীরগতিতে চলছে। তবে এখন বিশেষজ্ঞরা মনে করছেন, ক্রিপ্টোগ্রাফি সম্পর্কে মানুষের দীর্ঘদিনের ধারণায় আকস্মিক পরিবর্তন আসতে পারে এবং তা খুব শিগগিরই ঘটার সম্ভাবনা রয়েছে।
ইউনিভার্সিটি অব সারেতে কম্পিউটার বিজ্ঞানের অধ্যাপক অ্যালান উডওয়ার্ডের মতে, অ্যারনসন মূলত এটিই বোঝাতে চেয়েছেন যে, হঠাৎ এমন কিছু সামনে আসতে পারে যার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। কারণ, এআইয়ের মাধ্যমে দীর্ঘদিনের অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধানের একটি স্পষ্ট প্রবণতা দেখা যাচ্ছে।
মারডক জানান, কোয়ান্টাম কম্পিউটারের আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে আরও উন্নত এনক্রিপশন পদ্ধতি তৈরিতে সরকার ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কাজ করছে। কিন্তু সেই প্রস্তুতির গতি বেশ ধীর। তার ভাষায়, ‘লক্ষ্যমাত্রা ছিল ২০৩২ সালের মতো একটি সময়। কিন্তু সেটিও সম্ভবত অর্জন করা যাবে না।’

