কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদ্ভাবন না করলেই হয়তো মানবজাতির জন্য ভালো হতো বলে মনে করেন এআই প্রযুক্তির অন্যতম পথিকৃৎ জিওফ্রে হিন্টন। এআইয়ের গডফাদার হিসেবে পরিচিত এই কম্পিউটারবিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে, এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহারের কারণে চলতি বছর কিংবা আগামী বছরের মধ্যেই বড় ধরনের কোনো বিপর্যয় ঘটতে পারে। তিনি সতর্ক করে বলেছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহব্যবস্থায় সাইবার হামলা চালানো কিংবা আর্থিক ব্যবস্থাকে অচল করে দেওয়ার মতো ঘটনাও অসম্ভব নয়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নোবেলজয়ী এই বিজ্ঞানী এসব আশঙ্কার কথা তুলে ধরেন। তবে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে তিনি পুরোপুরি হতাশ নন। তাঁর মতে, এই প্রযুক্তি মানবসভ্যতার জন্য সমৃদ্ধির নতুন দুয়ার খুলে দিতে পারে, কিন্তু সেই সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এআইয়ের ঝুঁকিগুলোকেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। ৭৮ বছর বয়সী হিন্টনের ধারণা, আগামী এক দশকের মধ্যে অথবা তার আগেই মানবজাতি বুঝতে পারবে যে, এআইয়ের ঝুঁকি সামলে এর সুফল নিশ্চিত করা আদৌ সম্ভব কি না।
হিন্টন আরও বলেন, ঝুঁকি মোকাবিলায় সফল হলে এআইয়ের কল্যাণে পৃথিবীতে বিপুল প্রাচুর্য আসতে পারে। অন্যদিকে ব্যর্থ হলে ধনী-দরিদ্রের ব্যবধান বাড়বে, ব্যাপক বেকারত্ব ও সাংস্কৃতিক সংকট দেখা দেবে, এমনকি সামাজিক কাঠামোও ভেঙে পড়তে পারে। এআই নিয়ে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মধ্যকার প্রতিযোগিতার তীব্র সমালোচনা করে তিনি জানান, বাজারে আধিপত্য বিস্তারের দৌড়ে প্রতিষ্ঠানগুলো একের পর এক শক্তিশালী এআই মডেল তৈরি ও প্রকাশ করছে, কিন্তু প্রযুক্তির সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় তাদের আগ্রহ নেই।
বিশেষ করে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যানের ওপর কোনো আস্থা নেই বলে জানান হিন্টন। তিনি বলেন, মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক ও স্যাম অল্টম্যান সবাই এআইয়ের ঝুঁকি সম্পর্কে জানেন, কিন্তু মানুষের নিরাপত্তার চেয়ে অর্থ উপার্জনই তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। লন্ডনে জন্ম নেওয়া এবং ব্রিস্টলে বেড়ে ওঠা হিন্টনের কর্মজীবনের বড় একটি সময় কেটেছে কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে। বর্তমানে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় এআই প্রতিষ্ঠানগুলো চীনের সঙ্গে প্রতিযোগিতায় আরও শক্তিশালী মডেল তৈরির চেষ্টা করছে, যেখানে নেতৃত্বে থাকা ব্যক্তিদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন রয়েছে।
প্রায় ৪৪ বছর ধরে এআই নিয়ে গবেষণা করছেন হিন্টন। সত্তরের দশকে তিনি কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের ধারণা নিয়ে কাজ শুরু করেছিলেন, যা আধুনিক এআই প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০২৩ সালে এআইয়ের ঝুঁকি নিয়ে স্বাধীনভাবে কথা বলার জন্য তিনি গুগলের চাকরি ছেড়ে দেন। হিন্টনের আশঙ্কা, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছর চেরনোবিলের মতো ভয়াবহ কোনো ঘটনা ঘটতে পারে। তিনি বিশ্বাস করেন, এখনো নিয়ন্ত্রণ মানুষের হাতেই রয়েছে এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য বড় ধরনের প্রচেষ্টা চালানো সম্ভব।

