পারস্য উপসাগরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। দেশটির দাবি অনুযায়ী, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র যুদ্ধবিমানটির কাছাকাছি বিস্ফোরিত হয়। এর ফলে বিমানটি ক্ষতিগ্রস্ত হলে পাইলট তার অভিযান বাতিল করে নিকটবর্তী একটি বিমানঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হন। তবে ঠিক কোন বিমানঘাঁটিতে ওই যুদ্ধবিমানটি অবতরণ করেছে, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ঘিরে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এমন দাবি সামনে এল। শনিবার ইরানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থাকা নিজস্ব প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা পারস্য উপসাগরের আকাশে মার্কিন যুদ্ধবিমানটিকে শনাক্ত করে। পরে সেটির গতিবিধি অনুসরণ করে লক্ষ্যবস্তু হিসেবে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।
এদিকে ইরানের এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যে দাবি করেছে, তা ভিত্তিহীন। তারা কোনো মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালায়নি এবং কোনো যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেনি। মধ্যপ্রাচ্যে মোতায়েন যুক্তরাষ্ট্রের সব যুদ্ধবিমান বর্তমানে নিরাপদ রয়েছে এবং মার্কিন কর্তৃপক্ষ সেগুলোর অবস্থান সম্পর্কে অবগত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

