সাতক্ষীরার দেবহাটা উপজেলার গোপাখালী রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি রক্ষায় সাইক্লোন শেল্টার নির্মাণের বর্তমান নকশা ও পরিকল্পনা পুনর্বিবেচনার দাবি উঠেছে। মাঠ সংকুচিত হওয়ার আশঙ্কায় স্থানীয় তরুণ সমাজ, সচেতন মহল ও এলাকাবাসী সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো প্রতিবাদ জানাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫০ ফুট দৈর্ঘ্য ও ১৩০ ফুট প্রস্থের এই মাঠটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি গোপাখালী, দাদপুর ও টাউনশ্রীপুর-পালপাড়াসহ আশপাশের তিন-চারটি গ্রামের শিশু-কিশোর ও যুবসমাজের খেলাধুলা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একমাত্র কেন্দ্র।
এলাকাবাসীর অভিযোগ, ২০২১-২২ অর্থবছরে বরাদ্দকৃত ১০০ ফুট দৈর্ঘ্য ও ৫৫ ফুট প্রস্থের ‘এল’ আকৃতির সাইক্লোন শেল্টার নির্মাণের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে মাঠের বড় একটি অংশ সংকুচিত হয়ে পড়বে। তাদের ভাষ্যমতে, প্রস্তাবিত ভবনের উল্লম্ব অংশটি পূর্ব-পশ্চিম বরাবর দীর্ঘ হলে মাঠের ১০০ ফুটেরও বেশি অংশ ভবনের আওতায় চলে যাবে। ফলে মাঠটি খেলাধুলা ও অন্যান্য আয়োজনের জন্য পুরোপুরি অনুপযোগী হয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।
স্থানীয়দের দাবি, ২০২১-২২ সালের প্রাথমিক স্কেচ ম্যাপে ভবনের উল্লম্ব অংশটি উত্তর-দক্ষিণ এবং আনুভূমিক অংশ পূর্ব-পশ্চিম বরাবর নির্ধারণ করা হয়েছিল। পরবর্তী সময়ে নকশার এই অবস্থান পরিবর্তনের কারণ নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এলাকাবাসী পুরোনো ভবনের কিছু অংশ অপসারণ করে আগের বিন্যাস ফিরিয়ে আনা অথবা বিকল্প জায়গায় সাইক্লোন শেল্টার নির্মাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন।
তাদের মতে, উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টার অত্যন্ত জরুরি হলেও তা যেন এলাকার একমাত্র খেলার মাঠ সংকুচিত করে নির্মাণ করা না হয়। মাঠের পরিসর কমে গেলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ এবং যুবসমাজের সামাজিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। খেলার মাঠ অক্ষত রেখে সাইক্লোন শেল্টার নির্মাণের পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় তরুণ সমাজ ও এলাকাবাসী।

