নেপালের উন্নয়নে ১৫ হাজার কোটি রুপির সহায়তা প্যাকেজ ঘোষণা মোদির

ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর মধ্যে একটি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই সফরের অংশ হিসেবে নেপালের পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রমে সহায়তার লক্ষ্যে ২৪ হাজার কোটি নেপালি রুপি, যা প্রায় ১৫ হাজার কোটি ভারতীয় রুপির সমান, একটি নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন মোদি।

বৈঠক শেষে আয়োজিত যৌথ বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীর উন্নয়ন দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, চলতি বছর নেপালের জনগণ বালেন্দ্র শাহকে যে ঐতিহাসিক সমর্থন দিয়েছে, তা মূলত দেশটির নতুন প্রজন্মের আশা-আকাক্সক্ষার প্রতিফলন। মোদি বলেন, বালেন্দ্র শাহ যখন বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন, তখনই তার বিচক্ষণতা ও দূরদর্শিতার বিষয়টি স্পষ্ট হয়েছিল। তিনি আরও বলেন, ভারত ও নেপাল কেবল প্রতিবেশীই নয়, বরং দেশ দুটি বিশ্বাস ও বন্ধুত্বের এক গভীর বন্ধনে আবদ্ধ। এ সময় নেপালে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

নরেন্দ্র মোদি জানান, দীর্ঘ সময় ধরে ভারত নেপালের জ্বালানি, সার ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ভরযোগ্য সরবরাহকারী হিসেবে কাজ করছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও চলতি বছর এই সরবরাহ কার্যক্রম অব্যাহত রেখেছে নয়াদিল্লি। জবাবে বালেন্দ্র শাহ তাকে উষ্ণ আতিথেয়তা প্রদানের জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মোদিকে নেপাল সফরের আমন্ত্রণ জানান। তিনি ভারত ও নেপালের সম্পর্ককে হিমালয়ের মতো অটল ও মহাসাগরের মতো বিশাল বলে অভিহিত করেন।

দুর্যোগের সময় দ্রুত সহায়তার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেপালের প্রধানমন্ত্রী দুই দেশের সংহতি ও পারস্পরিক আস্থা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় জনপ্রশাসনের সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করা হবে।