সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, হিফজ সমাপনীকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান এবং নাশিদ সন্ধ্যার আয়োজন করা হয়। রোববার বিকেল থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত দুই পর্বে এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে হিফজুল কুরআন সম্পন্নকারী ৩০ জন হাফেজের মাথায় সম্মাননার পাগড়ি পরিয়ে দেওয়া হয়। হাফিজ মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালক শায়খুল হাদীস ড. মাওলানা মোহাম্মদ মুশতাক আহমদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসিহত পেশ করেন এবং পাগড়ি বিতরণের পাশাপাশি দোয়া পরিচালনা করেন।
বাদ মাগরিব শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, যেখানে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমেদের সভাপতিত্বে এবং কবি মীম সুফিয়ানের সঞ্চালনায় এই পর্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল এবং জগন্নাথপুর উপজেলার হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ ড. মঈনুল ইসলাম পারভেজ।
সম্মেলনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারিগণ পবিত্র কুরআন তিলাওয়াত করেন। তাদের মধ্যে ছিলেন তানজানিয়ার শাইখ ইদী সাবান, মিশরের শাইখ সনদ আবদুল হামিদ, ইন্দোনেশিয়ার শাইখ আবদুল আজিজ, আফ্রিকার শাইখ রামাদান জুমা এবং বাংলাদেশের শাইখ আব্বাস উদ্দিন। এছাড়া নাশিদ পরিবেশনায় অংশ নেন মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আবদুল্লাহ, ফয়েজ আহমদ শাহরুখ, শেখ এনাম ও শিশুশিল্পী পারভেজ আহমদ।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার বিশিষ্ট আলেম ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সৈয়দপুর দারুল হাদিস মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা আব্দুল রাজ্জাক, মুহতামিম ও বিশিষ্ট লেখক সৈয়দ মুমিন আহমদ মবনু, মাওলানা সৈয়দ মসরুর আহমদ কাসেমী, হাফিজ মাওলানা সৈয়দ ময়নুল ইসলাম, হাফিজ মাওলানা আলী আহমদ, মাওলানা তৈয়বুর রহমান, চিলাউড়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, জয়দা আরাবিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখছুছিল কারী চৌধুরী, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক মাওলানা নিজাম উদ্দিন এবং শাহারপাড়া শাহকামাল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মুনিম।
বিকেল থেকেই স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদ্রাসা মাঠ মুখরিত হয়ে ওঠে। প্রবাসী ও সাবেক শিক্ষার্থীবৃন্দের সার্বিক সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

