মার্কিন কর্মকর্তাদের তথ্য হাতিয়ে নিতে চীনের নতুন গোয়েন্দা ফাঁদ

লিংকডইনসহ বিভিন্ন পেশাভিত্তিক চাকরির ওয়েবসাইটে আকর্ষণীয় বেতনের প্রলোভন দেখিয়ে সাবেক ও বর্তমান মার্কিন সরকারি কর্মকর্তা, সামরিক সদস্য এবং নিরাপত্তা বিশেষজ্ঞদের ফাঁদে ফেলার চেষ্টা করছে চীনের সন্দেহভাজন গোয়েন্দারা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে ভুয়া পরামর্শক প্রতিষ্ঠান, নকল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক অনুসন্ধানে এমন ভয়াবহ গোয়েন্দা তৎপরতার তথ্য উঠে এসেছে।

অনুসন্ধানে দেখা গেছে, শুধু সরকারি কর্মকর্তারাই নন, বরং সাংবাদিক, বাণিজ্য পরামর্শক এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সম্পর্কে ধারণা রয়েছে এমন ব্যক্তিদেরও লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ করে ডনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় বিপুলসংখ্যক সরকারি কর্মী চাকরি হারানোর পর এই তৎপরতা আরও বিস্তৃত হয়েছে বলে মনে করছেন সাবেক মার্কিন কর্মকর্তারা। গত জুন মাসে এ ধরনের গোয়েন্দা তৎপরতার অভিযোগে এফবিআই ১৩টি ওয়েবসাইট বন্ধ করে দিলেও সিএনএনের অনুসন্ধানে একই ধরনের আরও অনেক সাইট সক্রিয় থাকার প্রমাণ পাওয়া গেছে। ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের জ্যেষ্ঠ বিশ্লেষক ম্যাক্স লেসার এ ধরনের ১০০টিরও বেশি ওয়েব ডোমেইন শনাক্ত করেছেন, যার অনেকগুলোর সঙ্গে এফবিআইয়ের বন্ধ করা সাইটগুলোর প্রযুক্তিগত মিল রয়েছে। লেসারের মতে, এফবিআই যে ১৩টি ডোমেইন বন্ধ করেছে, সেগুলো হিমশৈলের চূড়ামাত্র। চীন অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। এফবিআই জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে এবং হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

ভুয়া প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আকর্ষণীয় করপোরেট ওয়েবসাইট তৈরি করে এবং অনেক ক্ষেত্রে অন্য ব্যক্তির ছবি ও পরিচয় চুরি করে ভুয়া পরিচিতি সাজায়। এরপর লিংকডইনের মতো প্ল্যাটফর্মে উচ্চ বেতনের চাকরির বিজ্ঞাপন দিয়ে চীন, আন্তর্জাতিক সম্পর্ক, নিরাপত্তা ও ভূরাজনীতি নিয়ে প্রতিবেদন বা পরামর্শ চাওয়া হয়। অনেক বিশেষজ্ঞ বুঝতেই পারেন না তারা প্রকৃতপক্ষে কার জন্য কাজ করছেন। সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালক হোল্ডেন ট্রিপলেট লিংকডইনকে এ পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় গোয়েন্দা হাতিয়ার হিসেবে অভিহিত করেছেন।

ট্রাম্প প্রশাসনের সময় ছাঁটাই হওয়া বা পদত্যাগ করা লাখ লাখ কর্মী যারা আগে নিরাপত্তা ছাড়পত্র পেয়েছিলেন, তারা এখন বড় লক্ষ্যবস্তু। পেন্টাগনের সাবেক কর্মী ওয়েস ব্রায়ান্ট এমন একটি ভুয়া মালয়েশীয় গবেষণা প্রতিষ্ঠানের খপ্পরে পড়েছিলেন, যারা তার কাছ থেকে যুক্তরাষ্ট্র, বৃটেন ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা চুক্তি নিয়ে প্রতিবেদন তৈরি করিয়ে নেয়। একইভাবে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দ্রেস লোরেটদেমোলার সঙ্গে বিয়াঙ্কা ইয়ান নামের এক নারী যোগাযোগ করেছিলেন, যিনি প্রতিবেদনের চেয়ে ওয়াশিংটনের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের বিষয়ে বেশি আগ্রহী ছিলেন। লোরেটদেমোলা বিষয়টি বুঝতে পেরে তাদের অনলাইন বৈঠকের রেকর্ডিং এফবিআইকে প্রদান করেন।

বিশেষজ্ঞরা বলছেন, এই কৌশল নতুন নয়। ২০১৮ সালে ডিকসন ইয়ো নামে সিঙ্গাপুরের এক নাগরিক ভুয়া প্রতিষ্ঠান খুলে চাকরির বিজ্ঞাপনের মাধ্যমে নিরাপত্তা ছাড়পত্রধারী মার্কিন কর্মকর্তাদের তথ্য সংগ্রহের অপরাধে ১৪ মাসের কারাদণ্ড পেয়েছিলেন। এদিকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও বৃটেনের গোয়েন্দা জোট ‘ফাইভ আইস’ গত জুনে এ ধরনের প্রতারণামূলক নিয়োগ কার্যক্রম সম্পর্কে সতর্ক করেছে। তাদের মতে, এসব কৌশলে সংগৃহীত তথ্য সামরিক সদস্যদের জীবন বিপন্ন করার পাশাপাশি অর্থনৈতিক নিরাপত্তা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগ তৈরি করতে পারে। এআই ও সোশ্যাল মিডিয়ার বিস্তারের ফলে ভবিষ্যতে এ ধরনের গোয়েন্দা তৎপরতা শনাক্ত করা আরও কঠিন হয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ছাঁটাই হওয়া কর্মকর্তারা বড় লক্ষ্যট্রাম্প প্রশাসনের প্রথম বছরে ব্যাপক ছাঁটাই, পদত্যাগ ও অন্যান্য কারণে লাখ লাখ কর্মী মার্কিন ফেডারেল সরকার ছেড়েছেন। তাদের অনেকের কাছেই আগে নিরাপত্তা ছাড়পত্র ছিল এবং জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে।এক সাবেক জ্যেষ্ঠ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা সিএনএনকে বলেন, ‘আমরা অপ্রয়োজনীয় একটি দুর্বলতা তৈরি করেছি। চীনা কমিউনিস্ট পার্টির মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি বা সরঞ্জাম ছাড়াই হাজার হাজার, এমনকি লাখো মানুষের জন্য সুযোগ তৈরি করে দিয়েছি।’সাবেক কর্মকর্তাদের মধ্যে রয়েছেন পেন্টাগনের কর্মী ওয়েস ব্রায়ান্ট। ২০২৫ সালে দপ্তরের কর্মী ও বাজেট কমানোর সমালোচনা করায় তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল বলে তার দাবি। পরে মালয়েশিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠানের পরিচয়ে তার সঙ্গে যোগাযোগ করা হয়। ব্রায়ান্টের সন্দেহ, প্রতিষ্ঠানটি চীনা গোয়েন্দাদের আড়াল হিসেবে কাজ করছিল।

তিনি প্রতিষ্ঠানটির হয়ে যুক্তরাষ্ট্র, বৃটেন ও অস্ট্রেলিয়ার নিরাপত্তা চুক্তি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন। এর জন্য তাকে ১২০০ ডলার দেয়া হয়। তবে পরে আরও সংবেদনশীল তথ্য চাওয়ার চেষ্টা করা হলে তার সন্দেহ বাড়ে। সাবেক সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন, প্রতিষ্ঠানটির বাস্তবে কোনো অস্তিত্ব নেই। একইভাবে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান বাজারবিষয়ক পরামর্শক আন্দ্রেস লোরেটদেমোলার সঙ্গে লিংকডইনে যোগাযোগ করেন বিয়াঙ্কা ইয়ান নামের এক নারী। রাশিয়া ও ভূরাজনীতি নিয়ে প্রতিবেদন লেখার জন্য তাকে সর্বোচ্চ এক হাজার ডলার দেওয়ার প্রস্তাব দেয়া হয়। তবে ওই নারী তার প্রতিবেদনের চেয়ে ওয়াশিংটনের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও পরিচিতি সম্পর্কে বেশি আগ্রহ দেখান।সন্দেহ হওয়ায় লোরেটদেমোলা তাদের অনলাইন বৈঠকের রেকর্ডিং এফবিআইকে দেন। সংস্থাটি জানিয়েছে, তার দেয়া বার্তাগুলো সন্দেহজনক নিয়োগ কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।