ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালী এবং এর পার্শ্ববর্তী জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্ববাজারে তেলের দাম হ্রাসের প্রেক্ষাপটে তেহরান এই কৌশলগত জলপথের ওপর নিজেদের নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টারের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, গত অক্টোবর মাসে ওই অঞ্চলে জাহাজে হামলার ঘটনা ৩০টিরও বেশি নথিভুক্ত হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর এটিই প্রথম মাস যেখানে হামলার সংখ্যা ৩০ ছাড়িয়েছে। সিএনএনের বিশ্লেষণ অনুযায়ী, চলতি নভেম্বরের ২৩ তারিখ পর্যন্ত অন্তত ২২টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে, যা যুদ্ধ শুরুর পর দ্বিতীয় সর্বোচ্চ মাসিক সংখ্যা। এই তথ্যের আওতায় পারস্য উপসাগর, ওমান উপসাগর ও হরমুজ প্রণালীর ঘটনাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তবে প্রকৃত হামলার সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে। ইউকেএমটিও কেবল নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে যাচাইকৃত তথ্য প্রকাশ করে। সংস্থাটির সাপ্তাহিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তারা আরও কিছু হামলার বিষয়ে অবগত থাকলেও সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে হামলা বেড়ে যাওয়ায় অনেক বাণিজ্যিক জাহাজ শনাক্তকরণ এড়াতে নিজেদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে ইউকেএমটিও জানিয়েছিল, অনেক জাহাজ হামলার শিকার হওয়ার পরও তা জানাতে অস্বীকৃতি জানায়, ফলে সঠিক সংখ্যা নিরূপণ করা কঠিন হয়ে পড়েছে।
ইরানি সামরিক বাহিনী হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজকে ঘিরে প্রায় প্রতিদিনই বিভিন্ন ঘটনার দাবি করছে। এসব ঘটনার অনেকগুলোর জন্য তারা ড্রোন বা ক্ষেপণাস্ত্রের পরিবর্তে সমুদ্রের মাইনকে দায়ী করছে। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) তথ্যেও চলতি বছরের মধ্যে অক্টোবরে সবচেয়ে বেশি নিশ্চিত হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে পরিণত হয়েছে, যার ফলে তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হয়ে বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
বিশ্লেষকদের মতে, এই জলপথে প্রভাব ধরে রাখার সক্ষমতা কমে যাওয়ায় ওয়াশিংটনের কাছ থেকে ছাড় আদায়ের জন্য ইরান সংঘাত আরও বাড়িয়ে দিতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ ইরান বিশ্লেষক হামিদরেজা আজিজি সিএনএনকে বলেন, বাজার বর্তমানে ধরে নিয়েছে যে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা কম এবং তেলের সরবরাহ স্বাভাবিক হবে, তবে ইরান সংঘাত বৃদ্ধির সিদ্ধান্ত নিলে এই ধারণা দ্রুত বদলে যেতে পারে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তির প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন। তিনি ট্রুথ সোশ্যালেই লিখেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের কোনো চুক্তির প্রয়োজন নেই। সেই দিন অনেক আগেই শেষ হয়ে গেছে। তাদের অর্থ আমাদের হাতে রয়েছে, আর হরমুজ প্রণালীও আমাদের নিয়ন্ত্রণে।’ প্রয়োজনে ইরানে আবারও সামরিক হামলা চালানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি।
অক্টোবরের আগে ওই অঞ্চলে জাহাজে হামলার মাসিক গড় সংখ্যা ছিল প্রায় ১০টি। সংখ্যার হিসাবে বিভিন্ন সংস্থার তথ্যে কিছুটা পার্থক্য থাকলেও আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) তথ্যেও চলতি বছরের মধ্যে অক্টোবরে সবচেয়ে বেশি নিশ্চিত হামলার ঘটনা ঘটেছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ বা সীমিত করার চেষ্টা শুরু করে ইরান। এর জবাবে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। তবে সিএনএনের আগের এক প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলো এই অবরোধের মধ্যেও জাহাজ চলাচলের বিকল্প পথ বের করেছে।

