অনলাইনে তৎপরতা বাড়াতে বাসিজ বাহিনীকে আইআরজিসির কড়া নির্দেশ

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যে অনলাইনে নিজেদের তৎপরতা ও উপস্থিতি আরও জোরদার করার জন্য আধা সামরিক বাহিনী বাসিজের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বাহিনীটির অভিযোগ, ইরানের শত্রুরা বর্তমানে জনমতকে প্রভাবিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নানা অপচেষ্টা চালাচ্ছে।

তেহরানে আইআরজিসির কমান্ডার ও বাসিজ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় এই নির্দেশনা দেন আইআরজিসির উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে জানা গেছে, তিনি বাসিজ বাহিনীকে ডিজিটাল মাধ্যমে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি অনলাইন জগতে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেন, বর্তমানে বাস্তবতাকে বিকৃত করার এবং বিভিন্ন বয়ানকে নিজেদের মতো করে প্রভাবিত করার যে প্রচেষ্টা চলছে, তার বিরুদ্ধে লড়াই করা একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিনি দাবি করেন, বিভিন্ন উপায়ে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর ইরানের প্রতিপক্ষরা এখন অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং জনগণের আস্থা দুর্বল করার কৌশল গ্রহণ করেছে।

এমন এক সময়ে আইআরজিসির পক্ষ থেকে এই নির্দেশনা এলো, যখন তেহরান একদিকে অব্যাহত অর্থনৈতিক চাপের মুখে রয়েছে, অন্যদিকে ওয়াশিংটন ও ইসরাইলের সঙ্গে উত্তেজনাও বেড়েছে। যদিও সংঘাতের অবসানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তবে বাস্তব পরিস্থিতিতে এখনো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।