চুক্তি ছাড়াই ব্যর্থতায় শেষ হলো জাতিসংঘের কপ৩১ জলবায়ু সম্মেলন

দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা দীর্ঘ আলোচনার পরও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। তুরস্কের আনতালিয়ার অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন বা কপ৩১ শেষ পর্যন্ত কোনো সমঝোতা ছাড়াই সমাপ্ত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বেশ কয়েকটি দেশ সম্মেলনের চূড়ান্ত খসড়া প্রত্যাখ্যান করায় সেখানে কোনো ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।

রবিবার (২২ নভেম্বর) সম্মেলনের সমাপনী অধিবেশনে কপ৩১-এর সভাপতি ও তুরস্কের মন্ত্রী মুরাত কুরুম জানান, কয়েকটি দেশ প্রস্তাবিত নথির বিরোধিতা করায় কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি এবং প্রস্তাবগুলো গ্রহণ করা সম্ভব হয়নি। মূলত শুক্রবার সম্মেলন শেষ হওয়ার কথা থাকলেও মতপার্থক্যের কারণে আলোচনা সপ্তাহান্ত পর্যন্ত গড়িয়েছিল।

সম্মেলনের আয়োজক তুরস্ক এবং অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বেশ কয়েক দফায় চুক্তির খসড়া প্রকাশ করা হয়েছিল, যার লক্ষ্য ছিল বিভিন্ন দেশের মধ্যে সমঝোতা তৈরি করা। এই খসড়াটিতে মূলত জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর দাবি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল অর্থনীতির দেশগুলোর স্বার্থের মধ্যে একটি ভারসাম্য আনার চেষ্টা করা হয়েছিল।

আলোচনার প্রধান দুটি বাধা ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়টি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে অর্থসহায়তা প্রদান। অনেক দেশই কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ বা কমানোর বিষয়ে চূড়ান্ত চুক্তিতে স্পষ্ট ঘোষণার দাবি জানিয়েছিল। তবে সর্বশেষ খসড়াটিতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে সরাসরি কোনো উল্লেখ না থাকায় তা তীব্র সমালোচনার মুখে পড়ে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজনের জন্য অর্থসহায়তার বিষয়েও দেশগুলোর মধ্যে বড় ধরনের মতবিরোধ দেখা দেয়।