চরফ্যাশনে জেলেদের চালের তালিকা নিয়ে ইউপি সচিবকে মারধরের চেষ্টা

ভোলার চরফ্যাশন উপজেলার ৩নং চরমাদ্রাজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলেদের চালের তালিকা ও বিতরণ সংক্রান্ত স্লিপ নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেখানে পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) মো. অহিদুর রহমানকে হেনস্তা, ফোন ছুড়ে ফেলা এবং শারীরিক লাঞ্ছনা ও মারধরের চেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। গত শনিবার দুপুরে সরকারি ছুটির দিনে কার্যালয় ভবনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইউপি সচিব অহিদুর রহমান জানান, বিশেষ সরকারি প্রোগ্রাম 'ফ্যামিলি কার্ড'-এর তথ্য সংগ্রহের সুবিধার্থে জন্মনিবন্ধন ও জেলেদের তালিকা প্রস্তুতের কাজ করছিলেন তিনি। ছুটির দিন হওয়া সত্ত্বেও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. রফিকুল ইসলাম সিরাজ এবং সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফখরুদ্দিন শাহিন মালতিয়ারের অনুরোধে তিনি কার্যালয়ে যান। কাজ চলাকালে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী তারেক আজিজ পাটোয়ারী এবং অন্য এক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হেমায়েত উদ্দিন তুহিন শিকদারের ভাই মো. আল আমিনের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল কক্ষে প্রবেশ করে জেলেদের চালের স্লিপগুলো তাদের কাছে হস্তান্তরের দাবি জানান।

অহিদুর রহমান তাদের জানান যে, চালের তালিকা ও স্লিপ বিতরণের বিষয়টি সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে আগেই সম্পন্ন হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে তারেক আজিজ পাটোয়ারী ও আল আমিন সিকদার তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারেক আজিজ পানির বোতল উঁচিয়ে মারধরের উদ্দেশ্যে তেড়ে আসেন এবং আল আমিনও তাঁকে মারধরের চেষ্টা চালান। এ সময় জাকির মিয়াজি নামের এক ব্যক্তি সচিবের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন। পাশাপাশি দাবি অনুযায়ী স্লিপ না দিলে পরদিন চাল বিতরণের সময় ফাঁসিয়ে দেওয়া এবং অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন সচিব। ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়লে উপস্থিত কয়েকজন তাঁকে সান্ত্বনা দেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে পরামর্শ দেন।

অন্যদিকে, মারধর, ফোন ছুড়ে মারা বা হুমকির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত তারেক আজিজ পাটোয়ারী। তিনি পাল্টা অভিযোগ তুলে বলেন, সচিব প্রতিনিয়ত অনিয়ম করছেন এবং কার্যালয়ে বিভিন্ন ছেলেদের নিয়ে আড্ডা দেন, ফোন দিলেও ধরেন না। এর আগে তিনবারের মধ্যে দুইবার চাল বিতরণ করা হলেও অন্যবার কী করা হয়েছে সে সম্পর্কে কেউ জানে না। চালের সংখ্যা নিয়ে নানা বিভ্রান্তিকর তথ্য দেওয়ায় সচিবের সঙ্গে কেবল উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলে দাবি তাঁর। এছাড়া ক্ষুদ্র মৎস্য জেলে সমিতির প্রতিনিধি পরিচয় দেওয়া আল আমিন সিকদার অভিযোগ করেন, সচিব সময়মতো অফিস না করায় নাগরিক সেবা বিঘ্নিত হয়। জেলেদের কার্ড নিয়ে কথা বলতে গেলে বাগবিতণ্ডা হয়, এর বেশি কিছু ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, চরমাদ্রাজ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা অহিদুর রহমান ঘটনাটি তাঁকে জানিয়েছেন। এটিকে অত্যন্ত দুঃখজনক অভিহিত করে তিনি বলেন, চাল মূলত ওই এলাকার নিবন্ধিত জেলেদের প্রাপ্য, সচিব তো আর চাল নিজের বাড়িতে নিয়ে যাবেন না।