ডিসেম্বরের হত্যার তালিকায় নাম রয়েছে, নিরাপত্তাহীনতায় ব্যারিস্টার ফুয়াদ

আগামী ডিসেম্বর মাসে হত্যার (অ্যাসাসিনেশন) তালিকায় নিজের নাম রয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বৃহস্পতিবার সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় একটি আলোচনায় অংশ নিয়ে তিনি নিজের চরম নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন।

আলোচনার এক পর্যায়ে কপালে রাইফেল তাক করা একটি ব্যঙ্গচিত্র বা কার্টুন প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, তিনি সাধারণত রাজনৈতিক স্যাটায়ার বা ব্যঙ্গচিত্রকে স্বাগত জানান। তবে দেশের বর্তমান অস্থির পরিস্থিতিতে এ ধরনের ছবি উগ্র ও প্রতিপক্ষ গোষ্ঠীকে সহিংসতায় উসকে দিতে পারে বলে তিনি সতর্ক করেন। তিনি বলেন, ‘কার্টুনের ব্যাপারে আমি খুবই উদার। পাবলিক ফিগারদের নিয়ে পলিটিক্যাল স্যাটায়ার বা ব্যঙ্গচিত্র আঁকাকে আমি স্বাগত জানাই। কিন্তু সমস্যা হলো, বর্তমানে দেশে রাজনৈতিক সহিংসতা চলছে এবং আপনি দেখেছেন অ্যাসাসিনেশনের তালিকায় ‘এই ডিসেম্বরে ওসমান হাদি কে হবে’—সেই তালিকায় আমার নাম আছে।’

ব্যারিস্টার ফুয়াদ আরও জানান, এমন একটি প্রেক্ষাপটে আঁকা কার্টুনটি দেশ-বিদেশের আওয়ামী সার্কেলে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং তারা এটি শেয়ার করে উল্লাস করছে। তিনি বলেন, ‘সৃজনশীলতাকে আমি স্বাগত জানাই, কিন্তু সেই সৃজনশীলতা যখন একটি বিশাল উগ্র ও প্রতিপক্ষ গোষ্ঠীর কাছে ভিন্ন বার্তা দেয় এবং তাদের উৎসাহিত করে, তখন তা উদ্বেগের। আওয়ামী সার্কেল থেকে আমি প্রতিনিয়ত হত্যার হুমকি পাচ্ছি এবং বাংলাদেশে আমি এমনিতেই নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’

আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ স্পষ্ট জানিয়ে দেন, গণহত্যা, নির্বাচন ও সংবিধান ধ্বংসের জন্য আওয়ামী লীগকে আগে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ‘সরি’ বলতে হবে। তবে তিনি দলের পদবিহীন সাধারণ সমর্থক, যারা লুটপাট বা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না, তাঁদের সামাজিকভাবে আলাদা করে মূলধারায় রাখার পক্ষে মত দেন।

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২২: ২৯আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২২: ৩১