আগামী ডিসেম্বরকে কেন্দ্র করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সম্ভাব্য বহুমুখী নাশকতার পরিকল্পনা ফাঁস হয়েছে। যানবাহনে অগ্নিসংযোগ, লগি-বৈঠার মহড়া, সংখ্যালঘু ব্যবসায়ীদের ওপর হামলা, অর্থের জোগান এবং পুলিশ বাহিনীর ভেতরের গোপন সহযোগিতার অভিযোগ ঘিরে কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অপতৎপরতা ঠেকানো ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে গোয়েন্দা নজরদারি ও সাইবার পর্যবেক্ষণ ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকা, তথ্য পাচার এবং গোপনে ফ্যাসিস্টদের সহায়তা করার অভিযোগে পুলিশ বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের শনাক্তে চলছে বিশেষ শুদ্ধি অভিযান। ইতোমধ্যেই গুরুতর অভিযোগে চার পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। তারা হলেন—পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান এবং মো. রকিবুল হাসান। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বিষয়টি নিশ্চিত করে জানান, এসব কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন অন্য পুলিশ সদস্যদের চলাফেরা ও কর্মকাণ্ডের ওপর কড়া নজরদারি বজায় রাখা হয়েছে।
আগামী ১৬ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে লগি-বৈঠার সাহায্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে নীল নকশা করা হয়েছে, তা বানচালে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সীমান্ত এলাকা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রতিরোধে নজরদারি বাড়িয়েছে সাইবার ইউনিট। এআইজি কামারুম মুনিরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনকে দেশে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।
সম্প্রতি ঢাকা, সাভার, আশুলিয়া ও দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, লগি-বৈঠার মহড়া এবং সংখ্যালঘু ব্যবসায়ীদের টার্গেট করার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে গোয়েন্দা তদন্তে। শীর্ষ অনেক আওয়ামী লীগ নেতা বিদেশে বসে হুন্ডি ও মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ) মারফত দেশে টাকা পাঠাচ্ছেন। অনেকে আবার দেশে থাকা সহায়-সম্পত্তি বিক্রি করে নাশকতার অর্থ জোগাচ্ছেন। মাঠপর্যায়ে রাজপথের রাজনৈতিক কর্মীর সংকট থাকায় টাকার বিনিময়ে মাদকসেবী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ভাড়া করে ককটেল হামলা ও যানবাহনে আগুন দেওয়ানো হচ্ছে। এছাড়া আগে যারা সাধারণ কর্মী হিসেবে নমনীয় আচরণ পেয়েছিলেন, তাদের একটি অংশও শীর্ষ নেতাদের চাপে পড়ে কিংবা পদ ধরে রাখার স্বার্থে নাশকতায় জড়িয়ে পড়ছে।
যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় গোয়েন্দাদের কাছে এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে। যেসব বাসে আগুন ধরানো হচ্ছে, সেগুলোর বেশিরভাগই আওয়ামী লীগ নেতা বা তাদের ঘনিষ্ঠ স্বজনদের মালিকানাধীন। পুরোনো এসব বাসের মূল্যবান ইঞ্জিন ও ভেতরের মূল্যবান যন্ত্রাংশ আগেই খুলে নেওয়া হচ্ছে এবং শুধু পরিত্যক্ত বডিতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, যাতে সরকারকে রাজনৈতিক চাপে ফেলা যায় এবং জনগণের মধ্যে আতঙ্ক তৈরি হয়। পাশাপাশি পুরোনো কায়দায় লগি-বৈঠার সহিংসতা ফেরাতে জিরাবো, সাভার ও আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লগি-বৈঠাসহ ১৭ জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি নির্দিষ্ট কেন্দ্রীয় স্থানে এসব লগি-বৈঠা বানিয়ে সারাদেশে ছড়িয়ে দেওয়া হচ্ছিল।
রাজনৈতিক স্বার্থ হাসিলে এবার ‘সংখ্যালঘু বা হিন্দু কার্ড’ ব্যবহারের কৌশলেও আনা হয়েছে পরিবর্তন। উপাসনালয়ে হামলার বদলে সরাসরি হিন্দু ব্যবসায়ীদের দোকানপাট ও বাসাবাড়িতে হামলা-লুটপাট চালিয়ে তার দায় প্রতিপক্ষ রাজনৈতিক দল যেমন বিএনপির ওপর চাপানোর চক্রান্ত করা হচ্ছে। এতে একদিকে দেশে আর্থিক ও সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টি হবে, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিবেশী দেশের মাধ্যমে সুবিধাজনক বয়ান তৈরি করা সম্ভব হবে। এমন তথ্যের ভিত্তিতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পাহারা ও নজরদারি বাড়ানো হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলো প্রতিটি থানা এলাকায় হিন্দু ব্যবসায়ীদের তালিকা তৈরি, যৌথ সুরক্ষা বলয় গঠন এবং পাড়া-মহল্লায় সর্বদলীয় সম্প্রীতি কমিটি গড়ে তোলার সুপারিশ করেছে।
সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদর দপ্তর থেকে দেশের প্রতিটি জেলা ও মেট্রোপলিটন পুলিশকে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। থানাভিত্তিক তল্লাশি, নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন, সাদা পোশাকে নজরদারি এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার কাজ চলছে। এছাড়া সাভার, আশুলিয়া ও গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বহিরাগতদের উসকানি ঠেকাতে ও কারখানা চালু রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান ডিআইজি শফিকুল ইসলাম জানান, যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা রুখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো চক্র শনাক্তে সাইবার ইউনিট সার্বক্ষণিক কাজ করছে এবং জননিরাপত্তা বিঘ্নকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

