সবুজ গালিচায় মোড়া চা বাগানগুলোর শ্রমিক লাইনে এখন কেবলই ভোটের উচ্ছ্বাস আর পরিবর্তনের হাতছানি। দীর্ঘ আট বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বহুল প্রতীক্ষিত নির্বাচন। নিজেদের ন্যায্য অধিকার আর ভাগ্য বদলের যোগ্য কাণ্ডারি বেছে নিতে ব্যালটের অপেক্ষায় প্রহর গুনছেন লক্ষাধিক চা শ্রমিক। শেষ মুহূর্তের জমজমাট প্রচারণায় যখন বাগান থেকে কারখানা সবখানেই উৎসবের আমেজ, ঠিক তখনই মূল দাবি-দাওয়ার বদলে প্রার্থীদের পাল্টাপাল্টি রাজনৈতিক ট্যাগ দেওয়ার প্রবণতায় বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ ভোটাররা।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশের পাঁচটি জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগান ও কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলবে। এতে প্রায় ১ লাখ ৪৫ হাজার ভোটার অংশ নেবেন। ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ ৭টি ভ্যালি এবং বাগানভিত্তিক পঞ্চায়েত পর্যায়ে ৬০০-এরও বেশি প্যানেলে প্রায় ৭ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার মোট ১৩৫টি পঞ্চায়েতের অধীনে এবার ৬০ হাজার ৪৮২ জন চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতে সর্বাধিক ১৮ হাজার ৮২২ জন, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় ৩টি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।
বুধবার বিকেলে নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নির্বাচন রিটার্নিং অফিসার ও মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানান, চা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার চর্চা ও প্রতিনিধিত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। তিনি আরও জানান, তফসিল ঘোষণার পর থেকে বাগান মালিক ও ব্যবস্থাপকদের সঙ্গে কয়েক দফা সমন্বয় সভা করা হয়েছে এবং শ্রীমঙ্গল উপজেলায় বিশেষ নজরদারি রাখা হয়েছে।
বাগানগুলোতে সরেজমিন ঘুরে দেখা যায়, শ্রমিকরা দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরছেন। মাধবপুর চা বাগানের প্রবীণ শ্রমিক রবিদাস গোয়ালা জানান, আট বছর পর ভোট দিতে পেরে তারা আনন্দিত এবং এমন নেতা চান যারা সারা বছর পাশে থাকবেন। আলীনগর চা বাগানের তরুণ শ্রমিক সুমন মুন্ডা সৎ ও শিক্ষিত নেতৃত্ব প্রত্যাশা করছেন, যারা মালিকপক্ষের সামনে ন্যায্য অধিকার আদায় করতে পারবেন। এছাড়া লছমী তেলী, মালতী নায়েক, কার্তিক বাউরি ও মন্তু বাউরির মতো সাধারণ শ্রমিকরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মজুরি বৃদ্ধি, রেশন সুবিধা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা এবং বাগানে বিশুদ্ধ পানির সংকটের মতো মৌলিক সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন।
প্রার্থীদের মধ্যে মনু-দলই ভ্যালি কমিটির সভাপতি পদপ্রার্থী লিটন গঞ্জু এবং সহ-সভাপতি প্রার্থী আশা অরনাল তরুণ নেতৃত্বের জয়ের ব্যাপারে আশাবাদী। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী নৃপেন পাল ভূমি ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন। সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ প্রার্থীদের রাজনৈতিক ট্যাগিংয়ের সমালোচনা করে শ্রমিকদের পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অপর প্রার্থী রাজু গোয়ালা তার আগের কাজের হিসাব দিয়ে অ্যাম্বুলেন্সের ব্যবস্থার কথা উল্লেখ করেন। সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি নিজস্ব সক্ষমতায় নিয়মিত নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেছেন। সব মিলিয়ে, ভয়ের পরিবেশ কাটিয়ে অবাধ ভোটের অপেক্ষায় চায়ের জনপদের ভোটাররা।

