পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, টানা চার দিন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে

পঞ্চগড়ে ভোর থেকে হালকা কুয়াশার চাদর আর রাতভর বয়ে চলা হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছে। উত্তরের এই জনপদে টানা চার দিন ধরে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড করা হয়েছে। দিনের বেলায় রোদের তাপ কিছুটা বাড়লেও ঠান্ডা বাতাসের কারণে শীতের আমেজ কাটছে না।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় এমন আবহাওয়া দেখা গেছে। তীব্র ঠান্ডা বাতাস উপেক্ষা করেই কৃষক, শ্রমজীবী মানুষ ও পথচারীদের দৈনন্দিন প্রয়োজনে কাজে বের হতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, দিনের বেলা রোদের কারণে শীতের প্রকোপ কিছুটা কম মনে হলেও বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই তাপমাত্রা কমতে থাকে। রাত ও ভোরে হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হয়। সকালে কুয়াশা কম থাকলেও ঠান্ডা বাতাসের কারণে শীতের অনুভূতি রয়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস, বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে এবং বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা সামান্য বেড়ে ১৪ দশমিক ৭ ডিগ্রিতে পৌঁছালেও টানা চার দিন ধরেই তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে অবস্থান করছে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।