পরীক্ষার ফল প্রকাশে দীর্ঘসূত্রতা ও চরম গাফিলতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, নৃত্যকলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দশম ব্যাচের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার ফল প্রকাশে প্রায় ১৩ মাস বিলম্ব হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সিন্ডিকেট সভায় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, সংশ্লিষ্ট পরীক্ষা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তাকে খাতা জমা দেওয়ার জন্য ছয়বার তাগাদা দেওয়া হয়েছিল। খাতা জমা দেওয়ার পরেও ফল প্রকাশে আরও তিন থেকে চার মাস সময় নষ্ট করা হয়।
অধ্যাপক আলফেছানী আরও বলেন, উপাচার্যের পক্ষ থেকে দ্রুত ফল প্রকাশের নির্দেশ দেওয়া হলেও তা কার্যকর করা হয়নি। সিন্ডিকেটের কাছে লিখিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ পেলেও তার উত্তরে কর্তৃপক্ষ সন্তুষ্ট হতে পারেনি। শিক্ষার্থীদের শিক্ষাজীবনের অনিশ্চয়তার কথা বিবেচনা করে এবং দীর্ঘদিনের অবহেলার দায়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার পরিবর্তে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।
এদিকে, ফল প্রকাশে দীর্ঘ বিলম্বের কারণে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা শেষ হওয়ার এক বছর পেরিয়ে গেলেও তারা ফল পাননি। এতে তাদের পরবর্তী সেমিস্টারের পরীক্ষা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। একই শিক্ষাবর্ষের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা তৃতীয় বর্ষে উন্নীত হলেও তাদের ব্যাচ এখনো দ্বিতীয় বর্ষেই আটকে আছে।
যদিও বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তামান্না রহমান ফল প্রকাশে বিলম্বের কথা স্বীকার করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ফল ও ক্লাস শুরুর বিষয়ে অবহিত করা হয়েছে এবং আগামী সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে। তবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি।

