ফ্যাসিবাদী শক্তি আর কখনোই রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী শক্তি আর কখনোই এ দেশে ফিরতে পারবে না এবং তারা কোনোদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য দায়ী, তাদের প্রত্যেকের বিচার করা হবে। সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী ও সংবিধান অনুযায়ী এই ব্যক্তি ও সংগঠনগুলোর বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে। তিনি আরও জানান, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষ হলে যথাযথ প্রক্রিয়ায় চার্জ গঠন ও চার্জশিট দাখিল করা হবে এবং আদালত আইন অনুযায়ী বিচারকাজ পরিচালনা করবেন। আদালতের নির্দেশনা ও আইনের বিধান অনুযায়ীই এই পতিত শক্তির ভাগ্য নির্ধারিত হবে বলে তিনি উল্লেখ করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, পৃথিবীর ইতিহাসে স্বীকৃত যে যারা রাষ্ট্রক্ষমতার অপব্যবহার করে নিজ দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে, তারা আর কখনো রাজনীতিতে ফিরতে পারেনি। ফ্যাসিবাদী শক্তির রক্তে কখনো গণতন্ত্র ছিল না উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে তাদের ইতিহাসে কেবল একনায়কতান্ত্রিকতা ও স্বৈরতান্ত্রিকতা ছিল। তারা সাংবিধানিকভাবে খুন ও একদলীয় রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছিল, যার মাধ্যমে তারা নিজেদের দলকে দাফন করেছে এবং গণতন্ত্রকে কবর দিয়েছে।