শেখ হাসিনার ফেরা ও আওয়ামী নেতাদের সীমান্ত অবস্থান নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিমান চাওয়া এবং সীমান্ত এলাকায় আওয়ামী লীগ নেতাদের অবস্থান নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। মন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন যে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেনি, বরং তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের পথ বেছে নিয়েছে।

সীমান্তবর্তী এলাকায় চার আওয়ামী লীগ নেতার গোপন বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এটি মূলত এক ধরনের ‘হালকা ব্লাফ পলিটিক্স’। তিনি আরও উল্লেখ করেন যে, ওই চার নেতার নিজ নিজ এলাকায় কোনো ধরনের আন্দোলন বা কার্যক্রম দেখা যায়নি। মূলত দলের অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিক করে তুলতেই তারা সীমান্ত এলাকায় গিয়েছেন।

শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পর্কে মন্ত্রী বলেন, তিনি ভারতে আশ্রয় নিয়েছেন, পর্যটন ভিসায় আছেন নাকি অন্য কোনো ব্যবস্থায় অবস্থান করছেন, তা বাংলাদেশ সরকারের জানা নেই। তবে ভারতে অবস্থান করে বাংলাদেশে যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, তা নিয়ে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে দেশে মামলা রয়েছে এবং রায়ও হয়েছে, যার প্রেক্ষিতে দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার।

তথ্যমন্ত্রী আরও জানান, সরকার শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে চায়। তবে তিনি নিজে দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেননি। তার দেশে ফেরার বিষয়ে যেসব আলোচনা শোনা যাচ্ছে, সেগুলো মূলত মৌখিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ। মন্ত্রী মন্তব্য করেন, একদিকে বিমান চাওয়ার কথা বলা হচ্ছে, অন্যদিকে দলের নেতারা সীমান্ত ঘুরে বেড়াচ্ছেন; আওয়ামী লীগের আগে নিজেদের মানসিকতা ঠিক করা উচিত।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে যে সম্প্রীতিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা আওয়ামী লীগের ভালো লাগছে না। দেশ সামনের দিকে এগিয়ে যাওয়া, গুম-খুন বন্ধ হওয়া এবং ইতিবাচক পরিবর্তনের বিষয় থেকে মানুষের মনোযোগ সরিয়ে দলটি ভীতি তৈরির চেষ্টা করছে।

সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে তিনি বলেন, এ দেশের হিন্দু-মুসলমান একই ছাদের নিচে শান্তিতে বসবাস করেন। ভারতের ক্ষমতাসীন বিজেপি নিজেদের অভ্যন্তরীণ রাজনৈতিক সুবিধার জন্য বাংলাদেশের হিন্দু-মুসলিম ইস্যু ব্যবহার করছে। এছাড়া ভারতের পররাষ্ট্রনীতি নিয়েও সমালোচনা করে মন্ত্রী বলেন, শোচনীয় কূটনৈতিক নীতির কারণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটেছে, যার প্রভাব বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কেও পড়ছে। ভারতের মাটিতে বসে বাংলাদেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং দেশটির গণমাধ্যমের একাংশের তা সমর্থন করা ভারতের দুর্বল পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলে তিনি উল্লেখ করেন।