সাভারের বন্ধ ট্যানারি সচলে সরকারি কারিগরি ও আর্থিক সহায়তার ঘোষণা

সাভারের চামড়া শিল্প নগরীতে দীর্ঘ সময় ধরে বন্ধ ও রুগ্ন অবস্থায় পড়ে থাকা ট্যানারিগুলো পুনরায় চালু করার লক্ষ্যে কারিগরি ও আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে সরকার। সম্প্রতি রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এসএমই খাতের বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে দুই হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে, যা এই খাতের উদ্যোক্তাদের নতুন করে বিনিয়োগ ও উৎপাদনে ফিরতে সহায়তা করবে।

তবে এই সহায়তার ক্ষেত্রে পরিবেশগত শর্তের বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ৫০ হাজার বর্গফুট আয়তনের প্রতিটি ট্যানারিতে নিজস্ব ইটিপি প্ল্যান্ট স্থাপন এবং আন্তর্জাতিক পরিবেশগত ছাড়পত্র নিশ্চিত করা বাধ্যতামূলক। এই শর্ত পূরণ না করলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। উদ্যোক্তারা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানালেও, চামড়া শিল্পের টেকসই পুনরুদ্ধারের জন্য কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বৃদ্ধি, নিজস্ব বর্জ্য শোধন ব্যবস্থা এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার বিষয়টিকে জরুরি মনে করছেন।

বিসিক চামড়া শিল্প নগরীর তথ্য অনুযায়ী, এখানে মোট ১৬২টি ট্যানারির জায়গা বরাদ্দ রয়েছে। এর মধ্যে বর্তমানে ১৪৭টি ট্যানারি পূর্ণাঙ্গভাবে চালু থাকলেও ১১টি ট্যানারি সম্পূর্ণ বন্ধ রয়েছে। এগুলো হলো মেসার্স নবীপুর ট্যানারি, মেসার্স দি আর্থ ইন্টারন্যাশনাল ট্যানারি লিমিটেড, মেসার্স চৌধুরী লেদার অ্যান্ড কোং লিমিটেড, মেসার্স করিম লেদারস লিমিটেড, মেসার্স করিম লেদার ইউনিট-২, মেসার্স হোসেন ব্রাদার্স ট্যানারি, মেসার্স রানা লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মেসার্স প্যারামাউন্ট ট্যানারিজ, মেসার্স হেলেনা এন্টারপ্রাইজ লিমিটেড, মেসার্স জামিলা ট্যানারি ও মেসার্স ভিক্টরি জিলাটিন প্রোডাক্টস লিমিটেড। এছাড়া মেসার্স ফিনিক্স লেদার কমপ্লেক্স লিমিটেড, মেসার্স ভূঁইয়া ট্যানারি, মেসার্স মিল্লাত ট্যানারি ও মেসার্স কমলা ট্যানারি বর্তমানে রুগ্ন শিল্প হিসেবে ধুঁকছে।

এই খাতের বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে সিইটিপির সক্ষমতার সীমাবদ্ধতা। নকশা অনুযায়ী দৈনিক ২৫ হাজার ঘনমিটার বর্জ্য শোধনের লক্ষ্য থাকলেও কারিগরি ত্রুটি ও ব্যবস্থাপনাগত সমস্যার কারণে এর সক্ষমতা বর্তমানে ১৪ হাজার থেকে ১৮ হাজার ঘনমিটারে সীমাবদ্ধ। অথচ ভরা মৌসুমে দৈনিক প্রায় ৪০ হাজার ঘনমিটার বর্জ্য উৎপন্ন হয়। সিইটিপির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ জানান, ট্যানারিগুলো যদি হাইকোর্টের নির্দেশনা মেনে প্রি-ট্রিটমেন্ট করে এবং নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করে, তবেই এই পরিস্থিতির উন্নতি সম্ভব।

ইঞ্জিনিয়ার মো. মেহরাজুল মাঈয়ান জানিয়েছেন, চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত শিল্প নগরীতে প্রায় ২৮ লাখ ৮৯ হাজার ৪৮৬টি চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য আনা হয়েছে। সরকারের ঘোষিত সহায়তা এবং অবকাঠামোগত সমস্যার সমাধান করা সম্ভব হলে চামড়াশিল্প আবারও দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি আয়ের খাত হিসেবে তার হারানো গতি ফিরে পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ বিধিমালা-২০২৩ অনুযায়ী, চামড়া প্রক্রিয়াজাতকরণে প্রতি টন কাঁচা চামড়ার বিপরীতে সর্বোচ্চ ৩০ ঘনমিটার পানি ব্যবহার করা যাবে। ট্যানারিগুলো এ সীমা মেনে চললেও দৈনিক প্রায় ৪০ হাজার ঘনমিটার বর্জ্য শোধনের প্রয়োজন হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় ট্যানারিগুলোর নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন এবং কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বাড়ানো, সংস্কার ও আধুনিকায়ন জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়িত হলেই বর্জ্য শোধনাগারটি পূর্ণ সক্ষমতায় পরিচালনা করা সম্ভব হবে।

বিসিক চামড়া শিল্প নগরীর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. মেহরাজুল মাঈয়ান জানান, চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত ৪ হাজার ৩৫৩টি ট্রাকে করে সাভারের চামড়া শিল্প নগরীতে গরু ও মহিষের ২৩ লাখ ৯২ হাজার ৯০৫টি এবং ছাগল ও ভেড়ার ৪ লাখ ৯৬ হাজার ৫৮১টি চামড়া প্রবেশ করেছে। সব মিলিয়ে এ সময়ে শিল্প নগরীতে ২৮ লাখ ৮৯ হাজার ৪৮৬টি চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য আনা হয়েছে।