সকালে রিজিক বণ্টন ও বরকত লাভের ফজিলত

সবকিছুর শুরুতেই এক বিশেষ কল্যাণ নিহিত থাকে। দিনের শুরুটাও এর ব্যতিক্রম নয়। অথচ বর্তমান সময়ে অনেকেই সকালবেলা দীর্ঘক্ষণ ঘুমিয়ে কাটাতে পছন্দ করেন। কেউ কেউ রাতে দেরি করে ঘুমানোর অভ্যাসের কারণে সকাল ৯টা বা ১০টার আগে ঘুম থেকে ওঠেন না। আবার অনেকে ফজরের নামাজ আদায় করেই পুনরায় ঘুমানোর অভ্যাস গড়ে তুলেছেন। সকালের এই ঘুম অনেকের কাছেই আরামদায়ক মনে হতে পারে, কিন্তু তারা খেয়াল করছেন না যে এতে তারা কী পরিমাণ ক্ষতি করছেন। মহান আল্লাহ রাতকে ঘুমের উপযোগী পরিবেশ এবং দিনকে জীবিকা অর্জনের সময় হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, 'আমি তোমাদের নিদ্রাকে আরামের উপকরণ করেছি। রাতকে আবরণের বস্তু বানিয়েছি। আর দিনকে জীবিকা উপার্জনের সময় করেছি' (সুরা নাবা : ৯-১১)।

গবেষণায় দেখা গেছে, যারা আল্লাহ প্রদত্ত এই প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করে রাতে দেরি করে ঘুমান, তাদের শরীরে নানা ধরনের রোগ বাসা বাঁধে। এমন অনিয়মিত জীবনযাপনে মানসিক ও শারীরিক অস্থিরতা বৃদ্ধি পায়, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং অল্প বয়সেই চুল পড়ে বা পেকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এছাড়া সুগারজনিত সমস্যা, চেহারায় বার্ধক্যের ছাপ এবং মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাওয়ার মতো গুরুতর সমস্যাও হতে পারে। স্মৃতিভ্রম বা স্মরণশক্তি লোপ পাওয়ার পেছনেও এই অনিয়ম অনেকাংশে দায়ী।

হাদিসের আলোকে জানা যায়, সকালবেলা আসমান থেকে রিজিক বণ্টন করা হয়। রিজিক বলতে কেবল খাবার নয়, মানুষের যাপিত জীবনের প্রয়োজনীয় সবকিছুকেই বোঝায়। হজরত ইবনে আব্বাস (রা.) তার সন্তানকে সকালে ঘুমিয়ে থাকতে দেখে বলেছিলেন, 'উঠো, তুমি কি এমন সময় ঘুমিয়ে আছ, যখন রিজিক বণ্টন করা হচ্ছে?' সকালে ঘুমিয়ে থাকা মানে দিনভর চলার প্রয়োজনীয় বরকত ও পুঁজি সংগ্রহের সুযোগ হারিয়ে ফেলা। রাসুল (সা.) স্বয়ং ভোরবেলার বরকতের জন্য দোয়া করেছেন। তিনি বলেছেন, 'হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালবেলায় বরকত দান করুন। দিনের শুরুর অংশকে আমার উম্মতের জন্য কল্যাণ আর বরকতময় করে দিন।'

সকালবেলা বরকতের ধারা বর্ষিত হয় বলেই রাসুল (সা.) যখন কোনো অভিযানে বাহিনী পাঠাতেন, তখন দিনের শুরুতেই পাঠাতেন। সাহাবি হজরত সখর গামেদি (রা.) একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি তার ব্যবসায়িক কার্যক্রম দিনের শুরুতেই আরম্ভ করতেন, যার ফলে তিনি অনেক লাভবান হয়েছিলেন এবং ধনী হয়ে উঠেছিলেন (আবু দাউদ : ২৬০৬)।