নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নিহত সোহেল মোল্যার ভাই জুয়েল বাদী হয়ে এই মামলাটি করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বিএম কবিরুল হক মুক্তির স্ত্রী চন্দনা হককে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৮ নভেম্বর রাতে কালিয়ায় বিএনপির একটি মোটরসাইকেল শোডাউন চলাকালে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, চন্দনা হকের নির্দেশে এবং কালিয়া পৌরসভার সাবেক মেয়র লিটন ফকিরের নেতৃত্বে সশস্ত্র এই হামলা চালানো হয়। এতে কালিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্যাকে কুপিয়ে হত্যা করা হয়।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী জানান, হামলার তথ্য-উপাত্ত সংগ্রহের প্রক্রিয়ায় কিছুটা সময় লাগায় এজাহার দায়ের করতে বিলম্ব হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, গত ২০ নভেম্বর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিহতদের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। হত্যাকাণ্ডের রাতে বিক্ষুব্ধ জনতা বেন্দারচর গ্রামে সাবেক এমপি মুক্তির বাড়িসহ বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। স্থানীয় প্রশাসন ও মূলধারার গণমাধ্যমের তৎপরতায় ওই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক উসকানি ছড়ানোর অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে কালিয়ায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদে আছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি সতর্ক রয়েছে। তবে হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে দলটি।
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৯: ৫৬আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১০: ০২

