শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন নিয়মানুযায়ী খতিয়ে দেখছে ভারত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধটি ভারতে প্রচলিত নিয়ম ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে ভ্রমণ নথিপত্র ব্যবহার করে কোনো নাগরিকের স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবর্তন এবং আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধের বিষয়টি যে পুরোপুরি দুটি আলাদা বিষয়, সে কথাও স্পষ্ট করেছে দেশটি।

বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ সংক্রান্ত অবস্থান ব্যাখ্যা করেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংকালে শেখ হাসিনার প্রত্যর্পণ ও তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার প্রসঙ্গ উঠে এলে রণধীর জয়সোয়াল বলেন, ভারত সরকারের নির্ধারিত বা প্রতিষ্ঠিত প্রক্রিয়া মেনে প্রত্যর্পণের আবেদনটি খতিয়ে দেখার কাজ চলছে। তবে কোনো নাগরিক যদি বৈধ ভ্রমণ নথিসহ নিজের ইচ্ছায় দেশে ফিরতে চান, তাহলে তা প্রত্যর্পণ প্রক্রিয়ার আওতায় পড়ে না এবং সেটি একেবারেই পৃথক একটি বিষয়।

আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হলে মুখপাত্র বিষয়টি থেকে নিজেদের দূরে রাখেন। তিনি উল্লেখ করেন, এটি মূলত সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিষয়। এ বিষয়ে ভারতের পক্ষ থেকে নতুন করে আর কিছু বলার নেই।

সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিয়েও ভারতের বক্তব্য তুলে ধরা হয়। বিশেষ করে হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রণধীর জয়সোয়াল জানান, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে নয়াদিল্লি উদ্বিগ্ন। এসব ঘটনার সঠিক ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করে দায়ীদের আইনের আওতায় আনতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় ভারত।