দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও পরিবারের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে হেলিকপ্টারে চড়ে নিজের গ্রামে নববধূকে নিয়ে আসলেন ফ্রান্স প্রবাসী যুবক মো. শাহীন ফকির। শাহীন বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি এলাকার মো. সিরাজের ছেলে। দীর্ঘ সাত বছর ধরে তিনি ফ্রান্সে প্রবাসজীবন কাটাচ্ছেন। সম্প্রতি ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেট এলাকার কর্ণক টাওয়ারে নিজের বাসভবনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের পর থেকেই শাহীনের স্বপ্ন ছিল, স্ত্রীকে হেলিকপ্টারে করে সরাসরি নিজ গ্রামে নিয়ে আসবেন। তার বাবা-মায়েরও একই ইচ্ছা ছিল। সেই পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার তাদের আসার কথা থাকলেও প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের কারণে আকাশপথে বিধিনিষেধ থাকায় তা সম্ভব হয়নি। পরে এক দিন পিছিয়ে বুধবার সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরাসরি বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নে নবদম্পতি অবতরণ করেন।
হেলিকপ্টারে করে নববধূর গ্রামে আগমনের এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে এলাকায় বাড়তি কৌতূহল ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দৃশ্যটি দেখতে স্থানীয়দের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যায়। স্থানীয় বাসিন্দা মো. শরীফ, নোমান ও ফরিদ জানান, গ্রামে সচরাচর হেলিকপ্টার দেখা যায় না, তাই এই ব্যতিক্রমী আয়োজনে তারাও বেশ আনন্দ পেয়েছেন।
নিজের ব্যতিক্রমী এই উদ্যোগের বিষয়ে প্রবাসী শাহীন ফকির বলেন, সবাই বিয়ে করেন, কিন্তু প্রত্যেকের আয়োজনেই ভিন্নতা থাকে। আমি চেয়েছিলাম জীবনের এই বিশেষ মুহূর্তটিকে সবার চেয়ে একটু আলাদাভাবে উদ্যাপন করতে। সেই চিন্তা থেকেই হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে আসার এই আয়োজন করেছি।
সিরাজের ছেলে ৷ তিনি দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে প্রবাসজীবন কাটাচ্ছেন।

