স্বামীর জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দান করে ভালোবাসা ও আত্মত্যাগের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন প্রধান শিক্ষিকা মন্দিরা রানী পাল। কিডনি রোগে আক্রান্ত স্বামী সুধাম পাল—যিনি গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক—তাঁকে নতুন জীবন দিতেই তিনি এই কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেন।
এই শিক্ষক দম্পতির দ্রুত সুস্থতা কামনা করে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। সভায় বরিশাল জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া, মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভজন কুণ্ডু ও সাধারণ সম্পাদক সমীর সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত সবাই শিক্ষক দম্পতির দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ প্রার্থনা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০০৪ সালে মন্দিরা রানী পাল ও সুধাম পাল বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুধাম পালের কিডনি রোগ ধরা পড়ার পর থেকে দেশ-বিদেশে তাঁর চিকিৎসা চলছিল। দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। সম্ভাব্য সব জায়গায় কিডনিদাতা খুঁজে ব্যর্থ হয়ে অবশেষে স্ত্রী মন্দিরা রানী পাল নিজেই কিডনি দানের সিদ্ধান্ত নেন।
আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে ভারতের দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁদের অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। হাসপাতালের ইউরোলজি, কিডনি ট্রান্সপ্লান্ট, রোবোটিক অ্যান্ড ইউরোঅনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চিকিৎসক অনন্ত কুমারের তত্ত্বাবধানে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সময় সকাল ৮টায় অস্ত্রোপচার শুরু হয়। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ২টার দিকে অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন হয়।
স্বামীর জীবন রক্ষায় মন্দিরা রানী পালের এই আত্মত্যাগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে। এখন তাঁদের স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এই দম্পতির দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।

