টুঙ্গিপাড়ায় বিজিবি ও থানায় হামলা: পৃথক ২ মামলায় আসামি ১৩ হাজার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির ওপর হামলা এবং স্থানীয় থানা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুটি পৃথক মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১৩ হাজার ৩৪ জনকে আসামি করা হলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা (খালেক) বাজার এলাকায় বিজিবি সদস্যদের ওপর এই হামলার ঘটনা ঘটে। সেখানে সংগঠিত একটি দল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি দায়িত্ব পালনে বাধা দেয় এবং বিজিবি সদস্যদের হত্যার উদ্দেশে আক্রমণ চালায়। হামলায় বিজিবির বেশ কয়েকজন সদস্য সাধারণ ও গুরুতর আহত হন। একই সঙ্গে সরকারি যানবাহনে আগুন দেওয়া হয় এবং বিভিন্ন মালামাল ভাঙচুর করে ক্ষতিসাধন করা হয়।

ঘটনার পর গত ২৩ নভেম্বর খুলনার বিজিবি সেক্টর সদর দপ্তরের সদস্য নায়েব সুবেদার মো. শওকত হোসেন বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, এর আগেই গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। থানার উপপরিদর্শক (এসআই) কামরুল আহম্মেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে এ মামলাটি দায়ের করেন। এতে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আট হাজার জনকে আসামি করা হয়েছে। মামলাটির এজাহারে উল্লেখ করা হয়, হামলা ও অগ্নিসংযোগে থানা ভবন, ব্যারাক, সরকারি যানবাহনসহ নানা সম্পত্তির প্রায় ২১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

দুই মামলা মিলে মোট ৩৪ জনের নাম উল্লেখসহ ১৩ হাজার অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বৃহস্পতিবার রাতে জানান, বিজিবি ও পুলিশের পক্ষ থেকে দুটি পৃথক মামলা করা হয়েছে এবং বর্তমানে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।