জুলাই সনদ উপেক্ষা করলে সরকার ভঙ্গুর হবে, হুঁশিয়ারি ডা. শফিকুর রহমানের

জনগণের গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়ন উপেক্ষা করে সরকার পরিচালিত হলে তা ভঙ্গুর ও ক্ষণস্থায়ী হতে বাধ্য বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের ফলে দেশ কোনো সুফল পাবে না, বরং অতীতের ফ্যাসিবাদীরা আবার সুযোগ পেয়ে যাবে। এ কারণে সরকারকে দৃঢ়ভাবে জনগণের গণরায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি। শনিবার (২৮ নভেম্বর) জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনের উদ্বোধনী পর্বে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিগত দিনগুলোতে দলটির ওপর চলা রাজনৈতিক নিপীড়নের কথা স্মরণ করে শফিকুর রহমান জানান, সাড়ে ১৫ বছর তারা কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কোনো দলীয় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি। রাজনৈতিক প্রতিহিংসার বশে অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল এবং প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল। এমনকি অন্তিম মুহূর্তে সরকার বেপরোয়া হয়ে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করলেও মাত্র চার দিনের মাথায় গণঅভ্যুত্থানের মুখে সেই সরকারকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তিনি উল্লেখ করেন, বিরোধী দলগুলো তাদের বহু নেতা-কর্মীকে হারিয়েছে। জামায়াতে ইসলামীও তাদের শীর্ষ নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে দেখেছে। দলের ১২ জন শীর্ষ নেতার বিরুদ্ধে অন্যায় ও মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, যার মধ্যে ১১ জন ফাঁসি, কারাগারে নির্যাতন ও অবহেলার শিকার হয়ে মারা গেছেন।

বর্তমান সরকারি দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, নির্বাচনের পরদিনই বর্তমান ক্ষমতাসীন দল তাদের আগের অবস্থান বদলে ফেলেছে। জাতির সঙ্গে দেওয়া ওয়াদা ভঙ্গ করা হয়েছে এবং গণভোটের রায়কে অস্বীকার করে জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। বর্তমান সরকারি দলের অনেক নেতা-কর্মীও অতীতে নির্মম নির্যাতন, গুম, পঙ্গুত্ব, ফাঁসি, দেশত্যাগ ও ব্যবসায়িক ক্ষতির শিকার হয়েছিলেন। তা সত্ত্বেও কেন সরকার নিজেদের অবস্থান পরিবর্তন করে জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করল, সেটির স্পষ্ট জবাব জাতির কাছে দাবি করেন তিনি।

বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বিচার বিভাগের জন্য একটি স্বাধীন সচিবালয় গঠন করে লোকবল নিয়োগ ও কার্যক্রম শুরু করা হয়েছিল। বিএনপির পক্ষ থেকেও বিচার বিভাগের স্বাধীনতার অঙ্গীকার ছিল। তবে বর্তমান সরকার গঠনের পর সেই সচিবালয় বন্ধ করে দেওয়া এবং লোকবল প্রত্যাহার করে নেওয়া হয়েছে, যা স্পষ্টতই ওয়াদা লঙ্ঘনের শামিল। সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ৩১ দফায় সংবিধান সংস্কারের কথা বলা হলেও এখন সরকার সংবিধান সংশোধনের পথ ধরছে। গণভোটের ওপর ভিত্তি করে আনা পরিবর্তন হলো সংস্কার, যা জনগণের অভিপ্রায়ের প্রতিফলন। অন্যদিকে সংশোধনের মাধ্যমে আনা পরিবর্তন উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা যায়, যার অন্তত পাঁচটি উদাহরণ বাংলাদেশে রয়েছে। সংসদে সর্বসম্মতভাবে পাস হওয়া বিলও আদালত বাতিল করেছে, তাই সংসদ ও আদালতের অবস্থান পরিষ্কার করতে সংস্কারই একমাত্র সমাধান।

তিনি আরও বলেন, বিগত দিনের আন্দোলন শুরু হয়েছিল মেধাভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে, যেখানে দলীয় আনুগত্য নয় বরং মেধার মূল্যায়ন হওয়ার কথা ছিল। বিশেষ করে স্থানীয় সরকারে অনির্বাচিত প্রতিনিধির বদলে মেধার মূল্যায়নের প্রত্যাশা থাকলেও বাস্তবে পুরো ব্যবস্থাকে দলীয় নেতা ও ক্যাডার দিয়ে দখল করা হয়েছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, সংসদে এক বছর আগের তুলনায় গ্যাস ও বিদ্যুতের দাম কতটা বেড়েছে তা এড়িয়ে গিয়ে নীরব শোষণের পথ বেছে নেওয়া হয়েছে। অতীত সরকার বা মধ্যপ্রাচ্যের যুদ্ধের ওপর সব দায় চাপিয়ে দুর্নীতি আড়াল করার চেষ্টা চলছে।

তৈরি পোশাকশিল্পের সংকট নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্প এমনিতেই পিছিয়ে রয়েছে এবং এর সক্ষমতাও সীমিত। এ খাতের ক্যাপিটাল মেশিনারি ও উপকরণের প্রায় ৯০ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয় এবং দেশীয় উপকরণের ব্যবহার সর্বোচ্চ ১০ শতাংশ। জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছেন। শিল্প বাঁচলে যেমন শ্রমিক বাঁচবে, তেমনি শ্রমিক বাঁচলেও শিল্প টিকবে। প্রতিবেশী দেশের সংবাদমাধ্যমে বাংলাদেশের পোশাক খাত নিয়ে ধ্বংসাত্মক প্রচারণার দিকে ইঙ্গিত করে শফিকুর রহমান আশঙ্কা প্রকাশ করেন যে, এই শিল্পকে ধসিয়ে দেওয়ার পেছনে কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে কি না তা ভেবে দেখার বিষয়।