১৫ বছরে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে দেশ থেকে প্রায় ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি। তিনি অর্থনীতির শ্বেতপত্রের বরাত দিয়ে এ তথ্য তুলে ধরেন।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস বাংলাদেশ আয়োজিত সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, স্বৈরাচারী শাসনামলে সুশাসনের অভাব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে দুর্বল করা ও ব্যাপক অর্থপাচারের কারণে দেশের সাধারণ মানুষকে চড়া মূল্য দিতে হয়েছে। তিনি মন্তব্য করেন যে, গত ১৫ বছরেরও বেশি সময়ে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং অর্থনীতিকে দুর্নীতির এক দুষ্টচক্রে আটকে ফেলা হয়েছিল।

তিনি আরও জানান, ২০২৪ সালের বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্র অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ কোটি টাকা। এই হিসাবে বছরে গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।