কাশিমপুর কারাফটকে মৃত সন্তানকে শেষবারের মতো দেখলেন কারাবন্দী শারমিন সুলতানা

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে এনে কারাবন্দী সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মীকে তাঁর ১৫ বছর বয়সী মৃত প্রতিবন্ধী সন্তানের মুখ শেষবারের মতো দেখানো হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে কারাফটকে এই দেখা হওয়ার পর তাঁর স্বজনেরা লাশ নিয়ে ফিরে যান। মারা যাওয়া সন্তানের নাম নিস্বর্গ হোসেন তূর্য। শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু নিশ্চিত করেছেন যে কারাফটকে নির্দিষ্ট সময়ে তাঁর স্ত্রী সন্তানের লাশ দেখতে পেরেছেন।

কারা কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধিতায় ভোগা তূর্য শুক্রবার রাত ১১টার দিকে মৃত্যুবরণ করে। সন্তান হারানোর পর পরিবার থেকে শারমিন সুলতানাকে শেষবারের মতো লাশ দেখানোর আকুতি জানানো হয়। তবে সার্বিক দেশের নিরাপত্তা পরিস্থিতি, প্রয়োজনীয়সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য না থাকা এবং নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ডিসেম্বর মাস পর্যন্ত কোনো বন্দীকে বাইরে প্যারোলে মুক্তির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকার বিষয়টি স্বজনদের জানানো হয়। ফলে তাঁকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব হয়নি।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম জানান, প্রতিবন্ধী সন্তান মারা যাওয়ার পর পরিবারের আবেদনের প্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে কারাফটকে লাশ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে দুই মিনিটের মতো শারমিন সুলতানাকে তাঁর মৃত সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়।

শারমিন সুলতানা (৪৪) কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করে লালবাগ থানা পুলিশ। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তৎকালীন সময়ে তাঁর গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছিল।

এদিকে কিশোর তূর্যের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর শারমিন সুলতানা ও তাঁর ছেলের পূর্বে দেওয়া দুটি আলাদা ভিডিও বক্তব্য ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওতে শারমিন সুলতানাকে তাঁর অসুস্থ প্রতিবন্ধী সন্তানের সেবা করার কথা জানিয়ে এবং নিজেকে নির্দোষ দাবি করে আকুতি জানাতে দেখা যায়। অন্য একটি খণ্ডিত ভিডিওতে তাঁর প্রয়াত সন্তানকে বলতে শোনা যায়, তার মা পুরোপুরি নিরপরাধ এবং দেশের সংবিধানে অধিকার থাকলে সে মায়ের মুক্তি চায়।